সংবাদমাধ্যমের একটি বড় অংশ এখন ব্যবসাকেন্দ্রিক হয়ে পড়েছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের উদ্যোগে নিজস্ব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, ব্যবসাভিত্তিক নয়, গণমাধ্যমকে স্বাধীন ও মুক্তভাবে কাজ করার সুযোগ নিশ্চিত করতে হবে।
সভায় তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় কাজ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে গণমাধ্যম অন্ধকার সময়ে প্রবেশ করেছিল। সেখান থেকে গণমাধ্যমকে মুক্ত করার উদ্যোগ নেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
এ সময় বক্তারা বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণাকে প্রতিষ্ঠিত করা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম গুরুত্বপূর্ণ অবদান। একই সঙ্গে খাল খনন, কৃষির সম্প্রসারণ এবং উৎপাদনমুখী বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি।



