রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানা ও স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দ্রুত সময়ের মধ্যে পেপারবুক প্রস্তুত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আজ রোববার বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বিষয়টি উত্থাপন করলে রামিসার মামলার আপিল গ্রহণ করা হয়।
পরে গণমাধ্যমকে অ্যাটর্নি জেনারেল বলেন, আলোচিত শিশু ও নারী ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স ও জেল আপিলের শুনানিতে রাষ্ট্রপক্ষ কোনো সময় নেবে না। নিয়মিত শুনানি করা হবে।
একইসঙ্গে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার আপিলের পেপারবুক দ্রুত প্রস্তুত করার কথাও জানান রাষ্ট্রের আইন কর্মকর্তা।
এসময় অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, রামিসা হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জেল আপিলে আসামি সোহেল রানা ঘটনা স্বীকার করে হাইকোর্টের কাছে ক্ষমা চেয়েছেন। নিজেকে মাদকাসক্ত দাবি করেছেন। আইনি প্রক্রিয়া মেনেই বিচার সম্পন্ন করা হবে।



