ফুটবল বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেল না ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করলো সেলেসাওরা। গেল বিশ্বকাপে সেমিফাইনাল খেলা মরক্কো, নামের প্রতি সুবিচার করেছে। ব্রাজিলকে রুখে দিয়ে, এবারও বিশ্বকাপে বহুদূর যাওয়ার বার্তা দিল আশরাফ হাকিমির দল।
১৯৩৪ সালে শেষবার বিশ্বকাপের প্রথম ম্যাচ হেরেছিল ব্রাজিল। স্পেনের কাছে ৩-১ গোলে পরাস্ত হয়েছিল। এবার মরক্কো বলেই সে শঙ্কা উঁকি দিচ্ছিল। হারেনি, তবে ২০১৮ সালের পর প্রথমবার ড্র ফিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল সেলেসাওরা।
তাল কেটেছে সাম্বার, সেটা ম্যাচের শুরুতেই বোঝা গেল। প্রথম দিকে ব্রাজিলের ওপর চড়াও হয় মরক্কো। হাই প্রেসিংয়ে দিশেহারা সেলেসাও ডিফেন্স। প্রথম ১০ মিনিটে দুটি শটও নেয় আফ্রিকান চ্যাম্পিয়নরা। তবে লক্ষ্যে ছিল না।
ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করে আনচেলত্তির শিষ্যরা। কিন্তু গোছানো ফুটবল খেলার পরও পাঁচ বারের চ্যাম্পিয়নদের স্তব্ধ করে দিয়ে মরক্কোর গোল। ২১ মিনিটে কিপার আলিসনকে বোকা বানিয়ে আফ্রিকান চ্যাম্পিয়নদের উল্লাস।
গোল হজম করে আবারও অগোছালো ব্রাজিল। সেলেসাওদের ম্যাচে ফেরাতে প্রয়োজন ছিল ম্যাজিকাল কিছু। তখনই ত্রাতা রূপে ভিনিশিয়াসের আবির্ভাব। ৩২ মিনিটে টিপিক্যাল মাদ্রিদ স্টাইলে গোল। ব্রাজিল জার্সিতে ভিনির হাফ সেঞ্চুরি পূরণ।
বিরতি থেকে ফিরে আনচেলত্তি ট্যাকটিক্সে পরিবর্তন। মরক্কোকে চাপে রাখতে মিডফিল্ডার পাকেতাকে তুলে কুনিয়াকে নামান। আর থিয়াগোর পরিবর্তে হেন্রিক। শেষ দিকে আরও এক পরিবর্তন। কিন্তু কাজের কাজ হয়নি।
মরক্কোও বেশ কিছু পরিবর্তন আনে। কিন্তু দুদলের ছন্দহীন ফুটবলে জয়োল্লাস করা হয়নি কারো। যোগ করা সময়ের একেবাের শেষ দিকে অবশ্য, আলিসনের দারুণ সেভেই হার এরায় ব্রাজিল। ২০ জুন সি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা।



