মাত্র ১০ হাজার টাকা খরচেই জানা যাবে কোনো ব্যক্তি ক্যানসার আক্রান্ত কিনা কিংবা ভবিষ্যতে আক্রান্ত হবার ঝুঁকির শঙ্কা। এই ব্যবস্থা চালু হয়েছে বগুড়ার টিএমএসএস হাসপাতালে যেখানে বায়োমলিকুলার ল্যাবে রক্ত পরীক্ষায় শনাক্ত করা যাবে ক্যানসার। আর সুনির্দিষ্ট থেরাপি দিয়ে প্রতিরোধ করা যাবে মরণঘাতী এই রোগ।
পরিবেশগত কারণে ক্যানসারে আক্রান্ত হবার আগাম তথ্য পাওয়া না গেলেও নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং বা এনজিএস প্রযুক্তি ব্যবহার করে তা সম্ভব। বিশেষ করে বংশগত কারণে ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির নির্ণয় যেমন সম্ভব তেমনি ঝুঁকি শতভাগ প্রতিরোধও করা যায় চিকিৎসার এই প্রযুক্তি ব্যবহার করে।
টিএমএসএসের ল্যাব ডিরেক্টর ডি,এম আরিফুর রহমান বলছেন, দেশে বছরে দুই লাখেরও বেশি মানুষ ক্যানসারে আক্রান্ত হয় যার ১৫ থেকে ২০ শতাংশ আক্রান্ত হয় বংশগতিক কারণে।
টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক ডাঃ মতিউর রহমান বলেন, টিএমএসএস হাসপাতালে প্রায় ৩০ কোটি টাকা খরচে পরীক্ষাগারটি প্রতিষ্ঠায় কারিগরি সহযোগিতা করে অস্ট্রেলিয়ান বায়োটেকনোলজি কোম্পানি জিং গ্রুপ হোন্ডিংস ও রোটারি ক্লাব অব রমনা অ্যান্ড রোটারি ফাউন্ডেশন।
বংশগতিক ক্যানসার প্রতিরোধে এ ধরনের পরীক্ষার জন্য ইউরোপ ও আমেরিকায় ব্যয় হয় দেড় লাখ টাকারও বেশি আর ভারতে তা প্রায় এক লাখ।



