দিনাজপুরের ঘোড়াঘাটে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকটি ভ্যানের ওপরে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় কাভার্ড ভ্যান। এতে দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। উপজেলার রানীগঞ্জ বাজারের মাছ হাটের সামনে আজ সোমবার সকাল ৭টায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় চালককে আটক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে।
নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর চতরা গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে আব্দুল গোফ্ফার এবং দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন। আটক কাভার্ড ভ্যান চালক হলেন দিনাজপুর সদর উপজেলার রামনগর গ্রামের শেখ ওসমানের ছেলে সিদ্দিক মিয়া।
পুলিশ জানায়, সোমবার সকালে কাভার্ড ভ্যানটি দিনাজপুর থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটি ঘোড়াঘাট উপজেলার রাণীগঞ্জ বাজারে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ৫-৭টি ভ্যানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই একজন মারা যান। আহত হন আরও চারজন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস সদস্যরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। আহত তিনজনের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রিয়ংক কুন্ডু জানান, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চারজনকে হাসপাতালে নিয়ে এসেছিলেন স্থানীয়রা। এদের মধ্যে একজন মারা যান। একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকি দুজনের চিকিৎসা হাসপাতালে চলছে। একজন ঘটনাস্থলে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘গাড়িটি আমাদের হেফাজতে আছে। নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় সড়ক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে।’



