নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে কয়েক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন এই অভিনেতা। তবে আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আশার কথা জানিয়েছেন চিকিৎসাসংশ্লিষ্টরা।
রোববার (২৯ নভেম্বর) মামুনুর রশীদের শারীরিক অবস্থার সর্বশেষ খবর জানিয়েছেন আরণ্যক নাট্যদলের সদস্য অপু মেহেদী। তিনি বলেন, ‘মামুন ভাইয়ের স্বাস্থ্যের কিছুটা উন্নতি হয়েছে। আগের চেয়ে তিনি কিছুটা ভালো অনুভব করছেন। তাঁর বাইপ্যাপের মাস্ক খুলে দেওয়া হয়েছে। আশা করা যায়, আগামী এক-দুই দিনের মধ্যে কোনো সাপোর্ট ছাড়াই তিনি শ্বাসপ্রশ্বাস নিতে পারবেন।’
এদিকে রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে মামুনুর রশীদের শারীরিক অবস্থার হালনাগাদ তথ্য জানিয়েছে আরণ্যক নাট্যদল। সেখানে বলা হয়েছে, অভিনেতার বাইপ্যাপ মাস্ক খুলে দেওয়া হয়েছে। তবে এখনো হাইফ্লো অক্সিজেনের মাধ্যমে ২০ শতাংশ সাপোর্ট নিতে হচ্ছে তাঁকে। রক্তে সংক্রমণের মাত্রাও ধীরগতিতে কমছে। আগামী এক-দুই দিনের মধ্যে কোনো ধরনের সাপোর্ট ছাড়াই তিনি শ্বাস নিতে পারবেন বলে আশা প্রকাশ করেছে দলটি।
এর আগে ২০২৫ সালের এপ্রিলেও গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল মামুনুর রশীদকে। ওই বছরের ৩০ এপ্রিল যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে বিমানে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে সেখানে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় তাঁর ফুসফুসের দুই পাশে নিউমোনিয়া ও রক্তে সংক্রমণ ধরা পড়ে। ছয় দিন আইসিইউতে চিকিৎসা নেওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন এই অভিনেতা। দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে অবস্থান শেষে ২০২৬ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন তিনি। এরপর আবারও অভিনয়ে যুক্ত হন।
মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র—তিন মাধ্যমেই পাঁচ দশকের বেশি সময় ধরে বিচরণ মামুনুর রশীদের। অভিনয়ের পাশাপাশি নাট্যকার ও নির্দেশক হিসেবেও তিনি সুপরিচিত। বাংলাদেশের নাট্যাঙ্গনে তাঁর অবদানও উল্লেখযোগ্য। ১৯৭২ সালে তাঁর উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম নাট্যদল ‘আরণ্যক’।
১৯৪৮ সালের ২৯ ফেব্রুয়ারি টাঙ্গাইলের ঘাটাইলের ভবনদত্ত গ্রামে জন্মগ্রহণ করেন মামুনুর রশীদ। বাবা হারুনুর রশীদ এবং মা রোকেয়া খানম। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আগ্রহ ছিল তাঁর। স্কুলজীবনে নাটকে অভিনয়ের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক অঙ্গনে পথচলা। পরে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়ার সময় নাট্যচর্চায় আরও সক্রিয় হন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
ষাটের দশকেই টেলিভিশনের জন্য নাটক লেখা শুরু করেন তিনি। তাঁর লেখা প্রথম টেলিভিশন নাটক ‘চেনামুখ’। স্বাধীনতার পর দেশের নাট্যচর্চাকে এগিয়ে নিতে প্রতিষ্ঠা করেন ‘আরণ্যক নাট্যদল’। দলটির উল্লেখযোগ্য মঞ্চনাটকের মধ্যে রয়েছে ‘ওরা কদম আলী’, ‘ইবলিশ’, ‘সংক্রান্তি’, ‘রাঢ়াং’ ও ‘চে’র সাইকেল’।
মঞ্চ ও টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন এই শিল্পী। তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘মনপুরা’, ‘মৃত্তিকা মায়া’, ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’, ‘শঙ্খচিল’, ‘ভুবন মাঝি’, ‘পাপ পুণ্য’, ‘পাতালঘর’ ও ‘বরবাদ’। ‘মনপুরা’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন তিনি।


সরকারি হাসপাতালটিতে ৭০ ভাগ চিকিৎসক বসেন ‘ইচ্ছেমতো’ সময়ে
