সশস্ত্র বাহিনী নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করলে দেশের সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের–পিজিআর প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ ভিভিআইপিদের সুরক্ষায় নিয়োজিত বিশেষায়িত বাহিনী প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পিজিআর সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে গার্ড অব আনার দেওয়া হয়। তিনি সেখানে একটি গাছের চারা রোপণ করেন। পিজিআরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি কেক কেটে বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানান।
পিজিআর সদস্যদের পেশাদারিত্ব, সততা ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান প্রধানমন্ত্রী। চেইন অব কমান্ড ও শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। দায়িত্ব পালনের সময় তাদের নিরাপত্তা কৌশল যেন সরকার প্রধানকে জনগণ থেকে বিচ্ছিন্ন না করে সেদিকে নজর রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, সশস্ত্র বাহিনী যদি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিয়মানুবর্তিতা ও পেশাদারিত্ব বজায় রাখে তাহলে দেশের সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না।



