সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) ফেরদৌসী আহমেদ মিষ্টিকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পদত্যাগপত্র জমা দিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে যাচ্ছেন এমপি মিষ্টি। আজ বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় নাম জড়ানোর পর ওই এমপির বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত এসেছিল দায়িত্বশীল পক্ষ থেকে। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গতকাল বুধবার রাতে ফেরদৌসিকে পদত্যাগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ না করলে দল থেকে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়ে দেওয়া হয়েছে।


