সোমবার থেকে জাতীয় পার্টির মনোনয়ন বিক্রি শুরু

আপডেট : ১৯ নভেম্বর ২০২৩, ০৯:১৯ পিএম

আগামী সোমবার থেকে মনোনয়নপত্র বিক্রি শুরুর ঘোষণা দিয়েছে সংসদে থাকা বিরোধী দল জাতীয় পার্টি। দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জালালী বলেন, ‘আগামীকাল সোমবার বেলা ১১টা থেকে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানীর কার্যালয় থেকে দলীয় মনোনয়ন ফরম দেওয়া হবে। জাতীয় পার্টির মনোনয়ন ফরমের মূল্য ৩০ হাজার টাকা।’

এর আগে রোববার দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এ সময় তাঁর সঙ্গে দলীয় নেতারাও উপস্থিত ছিলেন।

রওশনের প্রতিনিধি দলে ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ রওশন আরা মান্নান, এরশাদ পুত্র রাহগির আল মাহি সাদ এরশাদ ও বিরোধী দলীয় নেতার মুখপাত্র কাজী মো. মামুনূর রশিদ।

ঘণ্টাখানেকের বৈঠকের পর বঙ্গভবন থেকে বের হয়ে বেলা ১টার দিকে মসিউর রহমান রাঙ্গা জানান, বিরোধী দল নির্বাচনে অংশ নেবে এবং তাঁরা প্রস্তুত বলেও জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

রাঙ্গা জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য তফসিল কিছুটা পেছাতে আহবান জানিয়েছেন বিরোধী দলের নেতা রওশন এরশাদ। সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের আয়োজনের অনুরোধ জানানো হয়েছে রাষ্ট্রপতিকে।

অন্যদিকে দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এখনো সিদ্ধান্ত চূড়ান্ত করেনি জাতীয় পার্টি। 

চুন্নু বলেন, ‘নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করবে—এটা তাদের রুটিন ওয়ার্ক। এর সাথে আমাদের নির্বাচনে যাওয়া–না যাওয়ার কোনো সম্পর্ক নেই। আমাদের সম্পর্ক নির্বাচনের পরিবেশ নিয়ে। আমরা আগেও বলেছি বর্তমানে দেশের যে অবস্থা। সরকারি দল বলছেন, তারা নির্বাচন করবেনই। বিএনপিসহ অনেক রাজনৈতিক দল বলছে যে, সরকারের পদত্যাগ ছাড়া তারা নির্বাচনে আসবে না। তারা হরতাল ও অবরোধের মতো কর্মসূচিও দিচ্ছে। এতে সারা দেশের মানুষ এক ধরনের জিম্মি অবস্থায় আছে। মানুষ এ ধরনের আনসার্টেইন অবস্থা ও শঙ্কা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে। ’

জাতীয় পার্টি মহাসচিব বলেন, ‘দেশের দুটি বড় দলই তাদের যে পয়েন্ট, সেটার মধ্যে রিজিড। দুদলই জনগণের স্বার্থ বাদ দিয়ে প্রেস্টিজ ইস্যু বা ইগো (নিয়ে) কাজ করছে। আমরা সরকার পদত্যাগ করে চলে যাক—এটাও চাই না, আবার সরকারকে বাধ্য করব—এটাও চাই না। আমরা একটি মাঝামাঝি পথ চাই। যাতে সবাই সংবিধানের আলোকে নির্বাচনে আসে।  নির্বাচনে যাওয়ার যেসব প্রস্তুতি, সবই আমাদের আছে। এখন আমরা দ্বিধায় আছি। এটা থেকে আমরা বের হয়ে আসতে পারিনি। এ জন্য আমরা একটু সময় নিচ্ছি।’ 

চুন্নু জানান, এবার নির্বাচনী কোনো জোটে যোগ দেবে না জাতীয় পার্টি। তিনি বলেন, ‘আমরা জনগণের দাবিকে প্রাধান্য দিচ্ছি। সঠিকভাবে নির্বাচন যদি হয়, আমরা ৩০০ আসনেই এককভাবে প্রার্থী দিতে চাই। আমরা এবার কোনো জোট–মহাজোট করতে চাই না। একটি আসন না পেলেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা একটি স্থিতিশীল পরিবেশ চাই।’

গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে সিইসি জানান, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩০ নভেম্বর, মনোনয়নপত্র বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ৬ থেকে ১৫ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। প্রচারণা শুরু হবে ১৮ ডিসেম্বর থেকে, চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

তফসিল ঘোষণার পরদিনই মনোনয়নপত্র বিতরণের ঘোষণা দেয় ক্ষমতাশীন আওয়ামী লীগ। গত শনিবার থেকে মনোনয়ন বিতরণ করছে দলটি। গত দুই দিনে ২ হাজার ৩০০টি মনোনয়নপত্র বিক্রির তথ্য জানিয়েছে আওয়ামী লীগ। ফরম সংগ্রহ চলবে আরও দুই দিন। 

আওয়ামী লীগের পর এবার নির্বাচনের রাস্তায় পথ চলা শুরু করতে যাচ্ছে জাতীয় পার্টিও। 

৯০-এর দশকে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা স্বৈরশাসক এরশাদের পতনের পর বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জোট করেছে দলটি। ১৯৯৬ সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকার গঠন করতে জাতীয় পার্টির সহায়তা নেয় আওয়ামী লীগ। সেই নির্বাচনে ৩০০ সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছিল ১৪৬টি। জাতীয় পার্টি পায় ৩২টি এবং বিএনপির আসন ছিল ১১৬টি।

২০০১ সালের জাতীয় নির্বাচনের দুই বছর আগে বিএনপি, জামায়াত এবং ইসলামী ঐক্যজোটের সাথে জোট গঠন করে এরশাদের জাতীয় পার্টি। ভোটের ঠিক আগ মুহূর্তে জোট ছেড়ে বেরিয়ে যায় দলটি। তবে দল ভেঙে একটি অংশ বিজেপি নামে থেকে যায় সেই জোটের সাথে।

২০০৭ সালে জাসদ, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি, গণফোরাম ও এলডিপির সাথে জাতীয় পার্টিকেও জোটে নেয় আওয়ামী লীগ। অবশ্য এই জোট টেকেনি। সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ২০০৮ সালের নির্বাচনের আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট থেকে বাদ পড়ে এলডিপি ও গণফোরাম। সে সময় জোটে জাতীয় পার্টিই ছিল আওয়ামী লীগের মূল শরিক।

সেই নির্বাচনে মহাজোটের কাছে বিএনপি নেতৃত্বাধীন জোট কোনো পাত্তাই পায়নি। নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে এই জোট।

বিএনপি নেতৃত্বাধীন জোটের বর্জনের মধ্য দিয়ে ২০১৪ সালে আরেক দফা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগের ছেড়ে দেওয়া আসনে ভোট করে জাতীয় পাটি। নির্বাচনের পর সংসদে প্রধান বিরোধী দল হিসেবেও মর্যাদা পায় দলটি। বিরোধী দলে থাকলেও দলটির বেশ কয়েকজন নেতা সেই সরকারে মন্ত্রী-প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এ নিয়ে সে সময় দলটিকে নানা সমালোচনার মুখে পড়তে হয়।

এরপর বহুবার জাতীয় পার্টি আওয়ামী লীগের জোট থেকে বের হয়ে যেতে চাইলেও শেষ পর্যন্ত জোটে থেকে যায়। ২০১৮ সালেও আওয়ামী লীগের সাথে অনেকটা সমঝোতা করেই নির্বাচনে আসে তারা। ওই নির্বাচনে বিএনপির ভরাডুবি হলে ২২টি আসন নিয়ে সংসদে প্রধান বিরোধী দলের স্থান ধরে রাখে জাতীয় পার্টি।

বন্যার মতো দুর্যোগ মোকাবিলায় বিএনপি নেতৃত্বাধীন সরকারকে জাতীয় পার্টির সরকারের দৃষ্টান্ত অনুসরণ করার পরামর্শ দিয়েছেন দলটির একাংশের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার।
আওয়ামী লীগের মতো একটি বড় দলের কর্মকাণ্ড নিষিদ্ধ রেখে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। আজ সোমবার সকালে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স...
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের ভরাডুবির জন্য সরাসরি অন্তর্বর্তী সরকারকে দায়ী করেছে জাতীয় পার্টি। আজ রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) নির্বাচন নিয়ে জাতীয় পার্টির মূল্যায়ন বিষয়ে এক...
ভারতে প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলন এবং সোনম ওয়াংচুকের অনশন ঘিরে রাজনৈতিক পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে। সোমবার (২০ জুলাই)...
সাতক্ষীরা-৪ আসনের বর্তমান সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সঙ্গে এক নারীর ঘনিষ্ঠ ভিডিও ফাঁসের ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বাগেরহাটের মোংলায় বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সংগঠন। এ সময় তারা গাজী নজরুল ইসলামের...
দেশের বাজারে আবার বেড়েছে সোনার দাম। ২২ ক্যারেট, অর্থাৎ সবচেয়ে ভালো মানের সোনার দাম ভরিতে বেড়েছে ২ হাজার ৭৪১ টাকা। আজ বুধবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মধ্যপ্রাচ্য উত্তেজনায় এশিয়ার বাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আজ বুধবার এমন চিত্র দেখা গেছে বলে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে।
লোডিং...

এলাকার খবর