কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দল এখন পঞ্চম বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে। আবারও তারা লুটপাটতন্ত্র, মানুষ হত্যা ও পুলিশ হত্যা করে দেশকে অস্থিতিশীল করতে চায়। এমন মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত মাহসচিব রুহুল কবির রিজভীর।
বৃহস্পতিবার দুপুরে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ মন্তব্য করেন।
দেশপ্রেমিক জনগণকে সঙ্গে নিয়ে কার্যক্রম নিষিদ্ধ দলকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।
রুহুল কবির রিজভী আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের অংশ। সেখানেও দেশপ্রেমিক আছে। তাদের ওপর অরাজকতা করা হচ্ছে। সরকার ও বিএনপি এত দিন ধৈর্য ধরে ছিল। এখন আর সময় দেওয়া হবে না।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পঞ্চম বাহিনী হিসেবে আখ্যায়িত করে রিজভী বলেন, দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে এদের প্রতিহত করা হবে।
তাদের রাস্তাঘাটে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করে আইনের আওতায় আনার আহ্বান জানান রুহুল কবির রিজভী।


