চলতি বছর জ্যেষ্ঠ কর্মীদের ইনক্রিমেন্ট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকান ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। মূল বেতনের চেয়ে শেয়ার-সংক্রান্ত আয় বেশ ভালো বৃদ্ধি পাওয়ায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত সপ্তাহে এক ইমেইল বিবৃতিতে অ্যামাজনের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, যেসব কর্মীর মূল (বেসিক) বেতন শেয়ারের চেয়ে বেশি নয়, চলতি বছরের ক্ষতিপূরণ চক্রে তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হবে। গত বছর কোম্পানির শেয়ার দর বাড়ায় চলতি বছর কোম্পানির কিছু জ্যেষ্ঠ কর্মকর্তাদের ক্ষতিপূরণের পরিমাণ মূল বেতনের অনেক বেশি পরিমাণে ছাড়িয়ে যাবে।
মানিকন্ট্রোলের প্রতিবেদনে জানা যায়, ২০১৩ সালে অ্যামাজনের শেয়ার দর বেড়েছিল ৮১ শতাংশ। চলতি বছর তা ১৮ শতাংশের বেশি বেড়েছে।
এদিকে শেয়ার দর বৃদ্ধি সত্ত্বেও কর্মী ছাঁটাইয়ের মধ্য দিয়ে ২০২৪ সাল শুরু করেছে ই-কমার্স কোম্পানিটি। ব্যয় কমাতে বিভিন্ন বিভাগে চলতি বছর ২৭ হাজারের বেশি কর্মী ছাঁটাই করেছে অ্যামাজন। পাশাপাশি গত বছর কর্মীদের লভ্যাংশ দেওয়া কমিয়েছে ধনকুবের জেফ বেজোসের কোম্পানিটি।



