বুলগেরিয়ার পূর্বাঞ্চলে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশত মানুষ। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে। খবর রয়টার্সের।
মঙ্গলবার দেশটির এ-ওয়ান মহাসড়কে ৫০টির বেশি গাড়ি ও ট্রাকের মধ্যে সংঘর্ষ ঘটে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ঘন কুয়াশার কারণে মহাসড়কে প্রথমে একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ, দমকলকর্মী ও অ্যাম্বুল্যান্স কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ভিডিওতে দেখা যায়, বেশ কিছু গাড়ি দুমড়েমুচড়ে গেছে ও কয়েকটি গাড়ি রাস্তা থেকে ছিটকে গেছে। এসব গাড়ির ভেতরে কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
একে মর্মান্তিক দুর্ঘটনা উল্লেখ করে আহতদের দ্রুত হাসপাতালে নিতে এয়ার অ্যাম্বুলেন্স মোতায়েনের নির্দেশ দেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী।
এদিকে, দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন।


