ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে ১৪ জন। বুধবারের এই হামলায় গাজা সিটিতে ৬ তলা একটি আবাসিক ভবন ধসে পড়ে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকা বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। রয়টার্স জানিয়েছে এসব খবর।
প্রতিবেদন বলছে, ভবনটিতে বাস্তুচ্যুত পরিবারগুলো বসবাস করছিল। ধ্বংসস্তূপ সরিয়ে আটকে পড়াদের উদ্ধারে চলছে অভিযান। এতে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
১১ অক্টোবর থেকে যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় অন্তত ১ হাজার ৪শ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানিয়েছে উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়।
এদিকে, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ না করা পর্যন্ত গাজায় চলমান গণহত্যা শেষ হবে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ডেলিয়া সি. রামিরেজ।
সামাজিক যোগাযোগমাধ্যমে রামিরেজ তার প্রস্তাবিত ব্লক দ্য বম্বস অ্যাক্ট পাস করার আহ্বান জানান। এই বিলের লক্ষ্য ইসরায়েলে অস্ত্র পাঠানোর ওপর আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা।



