ব্যাংককে অনুষ্ঠিত জমকালো মিস ইউনিভার্স ২০২৫–এর ফাইনালে শুক্রবার সকালে সবাইকে চমকে দিয়ে মুকুট জিতে নিলেন মেক্সিকোর সুন্দরী ফাতিমা বশ। আর তারপর থেকেই শুরু হয়েছে আলোচনার ঝড়—কে এই ফাতিমা?
মেক্সিকোর তাবাস্কো অঙ্গরাজ্যের সান্তিয়াগো দে তেয়াপায় জন্ম ফাতিমার। দেশে থেকেই ফ্যাশন ডিজাইনে পড়াশোনা করেন তিনি। এরপর কিছু সময় কাটান ইতালির মিলান আর যুক্তরাষ্ট্রের ভারমন্টে।
স্কুলজীবনে ডিসলেক্সিয়া ও এডিএইচডির কারণে বুলিংয়ের শিকার হলেও ভেঙে পড়েননি। বরং সেই অভিজ্ঞতাকেই শক্তিতে পরিণত করেন। ২০১৮ সালে ‘ফ্লোর ডি ওরো’ খেতাব জিতে সৌন্দর্য প্রতিযোগিতার দুনিয়ায় পা রাখেন তিনি।
২০২৫ সালের সেপ্টেম্বরে তাবাস্কো প্রথমবারের মতো পেল ‘মিস ইউনিভার্স মেক্সিকো’। ফাতিমা সেই ইতিহাস গড়লেও বিতর্ক থামেনি। অনেকে ধারণা করেছিলেন মুকুট উঠবে ‘মিস জালিস্কো’ ইয়োয়ানা গুতিয়েরেসের মাথায়। কিন্তু ফাতিমার নাম ঘোষণার পরই মঞ্চে শোনা যায় দুয়ো ধ্বনি। সরাসরি সম্প্রচারেও সেই প্রতিক্রিয়া ধরা পড়ে।
বিজয়ের পর তার কাছে এগিয়ে যান মাত্র চারজন প্রতিযোগী: লোরেনা লোপেজ, ফের্নান্দা পুমা, এমিরে আরেয়ানো ও এলেনা রোলদান।
বিতর্ক থাকলেও জনপ্রিয়তা কিন্তু উল্টো বেড়েছে। মিস মেক্সিকো হওয়ার পর ইনস্টাগ্রামে তার অনুসারী ছুঁয়ে ফেলে ৯ লাখ ৯০ হাজার; টিকটকে ৬ লাখ ৯০ হাজারের বেশি।
ব্যাংককে নতুন বিতর্ক
মিস ইউনিভার্সের মূল প্রতিযোগিতায় এসে আবারও বিতর্কের কেন্দ্রে ফাতিমা। থাইল্যান্ডের মিস ইউনিভার্স পরিচালক নাওয়াত ইতসারাগ্রিসিল অভিযোগ তোলেন—ফাতিমা নাকি সামাজিক যোগাযোগমাধ্যমে থাইল্যান্ডকে প্রত্যাশামতো প্রচার করছেন না। এখানেই শেষ নয়, তিনি ফাতিমাকে প্রকাশ্যেই ‘ডাম্বহেড’ বলে অপমান করেন।
ফাতিমা প্রতিবাদ করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন প্রতিযোগী অনুষ্ঠানস্থল ছাড়েন, নিরাপত্তা বাহিনীকেও হস্তক্ষেপ করতে হয়। সাংবাদিকদের তিনি বলেন, ‘তিনি আমাকে ডাম্ব বলেছেন, কারণ তাঁর সংস্থার সঙ্গে আমার সমস্যা আছে। এটি অন্যায়। কেউ আমাদের চুপ করাতে পারবে না।’
ঘটনার পর দ্রুত ব্যবস্থা নেয় মিস ইউনিভার্স অর্গানাইজেশন। সভাপতি রাউল রোচা নাওয়াতের আচরণকে প্রকাশ্যে নিন্দা জানান।
সব ঝড় সামলে দৃঢ় ফাতিমা
সমালোচনা, বিতর্ক—কিছুই মনোবল ভাঙতে পারেনি ফাতিমা বশের। ইউএস উইকলিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘যারা সত্যিই আমাকে ভালোবাসেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। লোরেনা, পুমা, এমিরে ও এলেনা—রানি তারাই।’
আরও যোগ করেন, ‘কেউই আমাকে এই মুকুট উপভোগ করা থেকে আটকাতে পারবে না। আমরা কখনো কাউকে আমাদের ওপর নিয়ন্ত্রণ নিতে দিতে পারি না। যদি তুমি মুকুট অর্জন করে থাকো, তার মানে তুমি তার জন্য পরিশ্রম করেছ।’


‘অপমানিত’ ফাতিমাই হলেন মিস ইউনিভার্স ২০২৫
