বৃষ্টি নিয়ে কিছুটা স্বস্তির বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগে কমেছে বৃষ্টিপাতের পরিমাণ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বৃষ্টি পরিস্থিতি স্বাভাবিক হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, চট্টগ্রামে আগের ২৪ ঘণ্টার তুলনায় বৃষ্টির পরিমাণ কমেছে। এর আগে যেখানে ৩২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল, সর্বশেষ ২৪ ঘণ্টায় তা নেমে এসেছে ২১১ মিলিমিটারে। আগের দিনের তুলনায় বৃষ্টি অর্ধেকে নেমেছে।
এদিকে বৃষ্টি বেড়েছে রংপুর ও রাজশাহী বিভাগে। এসব অঞ্চলে থেমে থেমে সারাদিন বৃষ্টি হতে পারে। এরই মধ্যে ভোগান্তিতে পড়েছেন কর্মজীবী মানুষেরা।
রাজধানীতেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত তিন দিন থেমে থেমে বৃষ্টি ঝরেছে। বৃষ্টির কারণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে অতি ভারী বৃষ্টির সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পাঁচ দিনের বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, আগামী রোববার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পর ধীরে ধীরে কমতে পারে। আর বন্যা পূর্বাভাস কেন্দ্রের সকাল ৯টার তথ্য অনুযায়ী, বিপৎসীমার ওপর দিয়ে বইছে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা মনু ও খোয়াই নদীর বেশ কয়েকটি পয়েন্টের পানি।



