বগুড়ার কাহালুতে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত হয়েছেন ৪ জন। শনিবার সকাল ১০টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন মাছ ব্যবসায়ী, একজন পিকআপ ভ্যানের চালক এবং একজন চালকের সহযোগী। নিহতদের সবার বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
বগুড়ার আদমদিঘীতে মাছের পোনা বিক্রি করে ময়মনসিংহ ফিরছিল পিকআপ ভ্যানটি। বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের কাহালু এলাকার কাজিপাড়া বৌ-বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় পিকআপ ভ্যানটির।
এতে পিক-আপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানের চালক ও তার সহকারী এবং দুই মাছ ব্যবসায়ী।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
বগুড়ার কাহালু থানার উপ-পরিদর্শক ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, ‘মরদেহ উদ্ধারের পর তা কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতদের আত্মীয়-স্বজনরা এলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।’
দুর্ঘটনার পর পরই পালিয়ে যায় ট্রাকের চালক ও সহকারী। তাদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।



