বলিউডে ২০২৩ সাল ছিল কিং খানের। ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডানকি’—টানা তিনটি সিনেমায় বাজিমাত করেছেন অভিনেতা। তবে এর আগে পরপর বেশ কিছু বিগ বাজেটের ছবি তাঁর ফ্লপ হয়। দীর্ঘ পাঁচ বছরের বিরতিতে যান।
দুবাইতে সোমবার (১২ ফেব্রুয়ারি) শুরু হওয়া ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে আজ বুধবার সকালে একটি সেশনে কথা বলেন বলিউড অভিনেতা শাহরুখ খান। ‘দ্য মেকিং অব আ স্টার: আ কনভার্সেশন উইথ শাহরখ খান’ শীর্ষক এই অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্রিটিশ সাংবাদিক রিচার্ড কোয়েস্ট। তখন এই সাক্ষাৎকারকালে দীর্ঘ বিরতিতে যাওয়ার কারণ ব্যাখ্যা করেন শাহরুখ। তিনি স্বীকার করেন—পরপর কয়েকটি ছবি ফ্লপ হওয়ার পর নিজের ক্ষতচিহ্নে নিজেই তখন হাত বুলিয়েছিলেন। এমনকি পাঁচ বছর পর প্রত্যাবর্তনের সময়টায় কী ফল আসছে, তা নিয়ে খুব বেশি প্রশ্রয় দেওয়াও বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
প্রত্যাবর্তনের আগে ‘জাব হ্যারি মেট সেজাল’, ‘ফ্যান’, ‘রাওয়ান’, ‘রইস’ ও ‘জিরো’তে অভিনয় করেছিলেন শাহরুখ। কিন্তু সবগুলো ছবিই বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। পরবর্তীকালে পাঁচ বছর তিনি কোথায় যেন হারিয়ে গিয়েছিলেন! দুবাইতে এই বিষয়ে শাহরুখের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার প্রচুর ফ্লপ ছিল, এবং খুব খুব খারাপ ফল করেছিল সেই ছবিগুলো। আমি আমার ক্ষতে নিজেই প্রলেপ দিচ্ছিলাম। কিন্তু আপনি জানেন আমি কী করেছি? আমি বিশ্বের সেরা পিৎজা বানাতে শিখেছি। আমি গল্প শোনা বন্ধ করে দিয়েছিলাম। নিজের একটি ছোট রান্নাঘর তৈরি করি এবং কীভাবে পিৎজা তৈরি করতে হয় তা শিখতে শুরু করি। আমি অধ্যবসায় শিখেছি। কারণ নিখুঁত গোল পিৎজা তৈরি করতে আপনাকে প্রথমে এক মিলিয়ন বর্গক্ষেত্র তৈরি করতে হবে।’

সেই বিরতি কাটিয়ে আবারও ফেরায় পরিবার তাঁকে উৎসাহিত করেছে কি-না জানতে চাইলে শাহরুখ বলেন, ‘‘আমি আনন্দিত ছিলাম, কারণ আমার পরিবার আমাকে বলেনি—‘শোন, তোমার পিৎজা তোমার ফিল্মের চেয়ে ভালো, ফিল্ম বানানো বন্ধ কর।’ আমি আনন্দিত যে তারা ঘুরেফিরে বলেছিল, ‘তোমার পিৎজা যতটা ভালো, তোমার সিনেমাগুলোও তত ভালো।’ তারা খুব উৎসাহিত করেছিল, বিশেষ করে আমার বাচ্চারা এবং আমার টিম। আমি উৎফুল্ল হয়ে যেতাম। আমি খুব উদ্ভাবনী হতে শুরু করি। পরিপূর্ণতা খুঁজছিলাম। আমাকে চমৎকার হতে হবে, আমার অনন্য হতে হবে, কিন্তু দর্শকরা কী চায় তা দেখতে হবে।”
এ সময় শাহরুখ জানান যে তিনি দর্শকদের দাবি কানে নেওয়া বন্ধ করেছিলেন। বলেন, ‘আমি যেখানে যেতাম সেখানে লাখ লাখ লোক আমার দিকে হাত নাড়ত, কিন্তু আমি শুনতে পেতাম না বা অনুভব করতাম না যে তারা আমার বাইরে কী দেখতে চায়।’
অবশেষে দর্শকের জন্যেই কিং খানের ফেরা। রাজার মতোই ছিল সেই প্রত্যাবর্তন। ২০২৩ সালে পাঠান দিয়ে শুরু করেছিলেন, যা বিশ্বব্যাপী ১০০০ কোটি টাকা আয় করেছে। তারপর জওয়ান মুক্তি পায়, যা বিশ্বব্যাপী ১১০০ কোটিরও বেশি আয় করে। ডানকি সেভাবে বক্স অফিসে বাজিমাত না করতে পারলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। এর আয় ৪৭০ কোটি।


বলিউডে শীর্ষ ধনী শাহরুখ, তালিকায় আরও যাঁরা আছেন
আবারও বাংলাদেশে আসছেন শাহরুখ খান!
