বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র ও হাটহাজারী পুন্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে কোন সম্প্রদায়ের নেতা হিসাবে নয়, রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
আজ মঙ্গলবার সকালে রংপুরের পীরগাছায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী যত বড় নেতাই হোক না কেন, তাকে ছাড় দেওয়া হবেনা। একইসঙ্গে কোন সম্প্রদায়ের মানুষই যেন নিরাপত্তাহীনতায় না ভোগে সে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, সম্প্রতি ঢাকায় আন্দোলনের নামে যারা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে তাদেরকেও গ্রেপ্তার করা হচ্ছে।
অনুষ্ঠানে ছয় শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন আসিফ মাহমুদ।
গতকাল সোমবার ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চিন্ময় কৃষ্ণ দাস গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার খবর ছড়িয়ে পড়ার পর ঢাকা ও চট্টগ্রামে বিক্ষোভ করেন সনাতন ধর্মাবলম্বীরা।



