নেপালকে ১ হাজার ৭৫০ কেজিরও বেশি উৎকৃষ্ট ও সুস্বাদু বাংলাদেশি আম উপহার দিয়েছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। এ বছরের “Season’s Best Compliments” উদ্যোগের আওতায় শুভেচ্ছা ও সৌহার্দ্যের কূটনৈতিক নিদর্শন হিসেবে নেপালের বিশিষ্টজনের মাঝে এই আম উপহার দেওয়া হয়।
বাংলাদেশ দূতাবাস জানায়, কাঠমান্ডুতে অবস্থানরত নেপালের বিশিষ্ট ব্যক্তিবর্গ, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, রাষ্ট্রদূত ও কূটনৈতিক কোরের সদস্যবৃন্দ, ব্যবসায়ী নেতা, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং বাংলাদেশ ও এর জনগণের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীদের নিকট উপহার হিসেবে এই আম পাঠানো হয়। দূতাবাসের টিম নেপালের প্রেসিডেন্ট, স্পিকার, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দসহ ৩৬০ জনেরও বেশি সম্মানিত প্রাপকের কাছে আমের প্যাকেট পৌঁছে দেন।
আমগুলো বাংলাদেশের আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জের দুটি বাগান থেকে সদ্য সংগ্রহ করা হয়। গুণগত মান ও সতেজতা নিশ্চিত করতে সেগুলো বাংলাবান্ধা বন্দর ব্যবহার করে ফুলবাড়ি ল্যান্ডপোর্ট (ভারতের শিলিগুড়ি সীমান্ত) এবং নেপালের কাকরভিটা বন্দর হয়ে কাঠমান্ডুতে পাঠানো হয়।
এ আমগুলো ছিল স্থানীয় জিআই সনদপ্রাপ্ত জনপ্রিয় ‘ক্ষীরশাপাত’ জাতের আম, যা দক্ষিণ এশিয়ার অন্যতম সুস্বাদু আম হিসেবে ব্যাপকভাবে সমাদৃত ও প্রশংসিত।
এই ‘ম্যাংগো ডিপ্লোমেসি’ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন বলে উল্লেখ করে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস। এ শুভেচ্ছা উপহার উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে উষ্ণতা, সদিচ্ছা ও কূটনৈতিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে কাজ করছে বলেও প্রত্যাশা জানানো হয়।



