পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাসহ ভারতে পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে। তবে এ বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো জবাব দেয়নি দিল্লি। যদিও ভারত সরকারের দাবি তাদের পক্ষ থেকে এ-সংক্রান্ত আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
বুধবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
শামা ওবায়েদ জানান, জুলাই গণঅভ্যুত্থানে হত্যার ঘটনায় ভারতে অবস্থানরত আসামিদের দেশে ফিরিয়ে আনতে বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী কাজ চলছে। এ বিষয়ে চিঠিপত্র আদান-প্রদান চলমান রয়েছে।
আরেক প্রশ্নের উত্তরে প্রতিমন্ত্রী বলেন, ‘ভারতের বাংলাদেশের হাইকমিশনারের এগ্রিমো দিল্লি সরকার এখনো দেয়নি দাবি করে প্রকাশিত প্রতিবেদন ভুয়া।’
এতে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে শামা ওবায়েদ বলেন, ‘ভারত এরকম কিছু জানায়নি, অ্যাগ্রিমো যাচাই বাছাই হতে সময় লাগে।’
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরও বলেন, ‘আমাদের কূটনৈতিক যোগাযোগ চলছে। ভারতের কাছ থেকে এখনো কোনো সুনির্দিষ্ট উত্তর আমরা পাইনি। যেটা আমরা জেনেছি– তাদের দিক থেকেও একটা আইনি প্রক্রিয়া হয়তো চলমান আছে। যতক্ষণ পর্যন্ত তাদেরকে বাংলাদেশের মাটিতে ফিরিয়ে আনতে পারছি, আমাদের কার্যক্রম চলমান থাকবে।’



