ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বৈরথ কারো অজানা নয়। দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক বৈরিতার প্রভাবে সেটা আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। সর্বশেষ এশিয়া কাপেও সেটা টের পাওয়া গিয়েছে ভালোভাবেই। গত এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এশিয়া কাপে তিনবারের দেখায় পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে মাঠে হাত মেলাননি ভারতের কেউ।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েও এসিসি সভাপতি পাকিস্তানের মহসীন নাকভির হাত থেকে শিরোপা নিতে অস্বীকৃতি জানানো ভারত শেষ পর্যন্ত শিরোপা ছাড়াই উদযাপন করেছে। ক্রিকেট মাঠে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা গেলেও স্পনসরশিপ কিংবা সম্প্রচারকারী মাধ্যমের কাছে সবসময়ই চাহিদার শীর্ষে ভারত-পাকিস্তান ম্যাচ।
শুধু ছেলেদের ক্রিকেট নয়, এবার মেয়েদের ক্রিকেটেও রেকর্ড গড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ। চলমান মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ ডিজিটাল প্ল্যাটফর্মে ভিউয়ের ক্ষেত্রে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে আইসিসি জানিয়েছে, গত ৫ অক্টোবর অনুষ্ঠিত ভারত পাকিস্তান ম্যাচটি ডিজিটাল মাধ্যমে ২ কোটি ৮৪ লাখ মানুষের কাছে পৌঁছেছে এবং ম্যাচটি দেখা হয়েছে ১৮৭ কোটি মিনিট। মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে এটিই এখন সবচেয়ে বেশিবার দেখা ম্যাচ।
শুধু অনলাইন ভিউয়ের দিক থেকেই নয়, টেলিভিশন দর্শক সংখ্যা বিবেচনাতেও মেয়েদের বিশ্বকাপ ইতিহাসে লিগ পর্বে সবচেয়ে বেশি রেটিং পেয়েছে ভারত-পাকিস্তান ম্যাচটি।
আইসিসি জানিয়েছে, এবারের বিশ্বকাপে প্রথম ১১টি ম্যাচ ৭ কোটি ২০ লাখ দর্শকের কাছে পৌঁছেছে, আগের আসরের তুলনায় ১৬৬ শতাংশ বেশি। পাশাপাশি দেখার সময়ও বেড়েছে ৩২৭ শতাংশ, ছাড়িয়েছে ৬৩০ কোটি মিনিট।
এবার অনলাইনের পাশাপাশি স্টেডিয়ামেও দর্শক উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। বিশেষ করে ভারতে হওয়া ভারতের ম্যাচগুলোতে এবং শ্রীলঙ্কার মাটিতে হওয়া শ্রীলঙ্কার ম্যাচগুলোতে গ্যালারি প্রায় ভর্তি ছিল। তবে যেসব ম্যাচে স্বাগতিক দল ছিল না, সে গ্যালারি তুলনামূলকভাবে ফাঁকা ছিল। এমন অনেক ম্যাচ ছিল, যেখানে দর্শক উপস্থিত ছিল মোটে চার অঙ্কে (১০ হাজারের কম)। বিরূপ আবহাওয়া সেখানে বড় ভূমিকা রেখেছে।
আইসিসি এক বিবৃতিতে উল্লেখ করেছে, ‘আইসিসি ও জিওস্টারের যৌথভাবে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, টুর্নামেন্টের প্রথম ১৩ ম্যাচে ভিউ সংখ্যা ইতোমধ্যে ৬ কোটির বেশি দর্শকের কাছে পৌঁছেছে। ২০২২ সালের টুর্নামেন্টের চেয়ে এটি পাঁচগুণ বেশি। মোট দেখার সময় ৭০০ কোটি মিনিট ছাড়িয়েছে, যা আগের আসরের তুলনায় ১২ গুণ বেশি।
আইসিসি আরও জানিয়েছে, ১২ অক্টোবরের ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটি জিওস্টারে একসঙ্গে ৪৮ লাখ দর্শক দেখেছেন। এটিও মেয়েদেরে ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড।



