রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা আজ রোববার। হত্যার ২০ দিনের মাথায় এবং বিচার শুরুর সাত দিনের মধ্যে চাঞ্চল্যকর এ মামলার রায় দেওয়া হচ্ছে।
গত ৪ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষ হয়। গত ১৯ মে পল্লবীতে আট বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে নিন্দা-উদ্বেগ ও দ্রুত বিচারের দাবি ওঠে।
দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া রামিসার মরদেহ উদ্ধারের পরদিন ২০ মে পল্লবী থানায় হত্যা মামলা করেন রামিসার বাবা। মামলার প্রধান আসামি সোহেল রানা আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
২১ মে রামিসার পরিবারের সাথে দেখা করেন প্রধানমন্ত্রী। আশ্বাস দেন দ্রুত বিচারের। ২৩ মে ময়মনসিংহ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দেন, এক মাসের মধ্যে শিশু ধর্ষণের বিচার সম্পন্ন করা হবে।
এর পরদিন ২৪ মে আদালতে চার্জশিট দাখিল করা হয়, যা ওই দিনই আমলে নেয় ট্রাইব্যুনাল। আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয় ১ জুন।
১৬ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার উভয়পক্ষের যুক্তিতর্ক শোনে আদালত। মাত্র ৪ দিনের শুনানি শেষে রোববার রায়ের দিন ধার্য করা হয়।
মামলার প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সব্বোর্চ্চ শাস্তি মৃত্যূদণ্ডের প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ। রামিসা হত্যা মামলার রায় দেশের ইতিহাসে দ্রুত বিচারের এক অনন্য দৃষ্টান্ত হতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।



