বাগেরহাটের ফকিরহাটে দুধ-পানি দিয়ে গোসল করে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর এক কর্মী। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে জাামায়াতের দাবি, ওই ব্যক্তি তাদের দলের কর্মী নন।
খোঁজ নিয়ে জানা গেছে, ওই ব্যক্তির নাম শেখ খালিদ হাসান তারেক (৩০)। তাঁর বাড়ি ফকিরহাট উপজেলার বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে, বুড়ির বটতলা এলাকায়।
ওই ব্যক্তি শনিবার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি নিজেকে জামায়াতের কর্মী দাবি করে বলেন, ২০১১ সাল থেকে আমি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত। ইউনিয়ন আমিরের বাড়ি আমার বাড়ির পাশে। ঢাকায় আন্দোলন, মিছিল-মিটিং সবখানে আমি হাজির ছিলাম। জাতীয় নির্বাচনেও আমি বুড়িরবটতলা কেন্দ্রে জামায়াতের এজেন্ট ছিলাম। কিন্তু দলে মূল্যয়ন পাইনি।
তারেক বলেন, মন্দির পাহারা দেওয়া নিয়ে আমি আপত্তি জানিয়েছিলাম। তাই নিয়ে আমিরের সঙ্গে আমার একটি বিরোধ হয়েছিল। তার পর থেকে আমাকে একটু অবহেলার পাত্র হিসেবে রেখেছে। তাই ক্ষোভে– দুঃখে আমি ভাবলাম আর কী দল করবো? তখন সিদ্ধান্ত নেই দুধ-পানি দিয়ে গোছল করে দল ত্যাগ করবো। প্রয়োজনে আর কোনে দলই করবো না।
তিনি জানান, শুক্রবার জুোর নামাজের আগে বুড়ির বটতলা এলাকায় সড়কের পাশে গোসল করে ভিডিও ধারণ করান। যা পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছাড়েন।
ছড়িয়ে পাড়া ওই ভিডিওতে তারেককে বলতে শোনা যায়, প্রয়োজনে আওয়ামী লীগ করব, তো জামায়াত আর করব না। দল ত্যাগ করে দিছি, জামায়াত ইসলাম করতাম সারা জীবন।
তবে তারেকের দাবির বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফকিরহাট উপজেলা শাখার সেক্রেটারি আবুল আল মাসুম। তিনি বলেন, ওই ব্যক্তি জামায়াতের কোনো কর্মী নন। তিনি জামায়াতকে ভালোবাসতেন মাত্র।



