সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ বুধবার সকাল ৬টা থেকে সারা দেশে শুরু হয়েছে বিএনপির পঞ্চম দফা অবরোধ। চলবে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত। অবরোধের প্রথম দিন পরিবহন চালকেরা বলছেন, আগের কয়েকদিনের তুলনায় যাত্রী সংখ্যা বেড়েছে।
গেল সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা সারা দেশে সড়ক-রেল ও নৌপথে অবরোধ চলবে।
আজ সকালে রাজধানীর সড়কে সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কে যান চলাচল কিছুটা কম রয়েছে। তবে পরিবহন চালকরা জানান, অবরোধের দিনে অফিস সময় ছাড়া যাত্রী কিছুটা কম পাওয়া যায়। যদিও আগের কয়েকদিনের তুলনায় যাত্রী সংখ্যা বাড়ছে।
যাত্রী ও পথচারীরাও প্রয়োজনের তাগিদে ঘর থেকে বের হওয়ার কথা জানাচ্ছেন। অবরোধের কারণে নাশকতা-বিশৃঙ্খলা ঠেকাতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এদিকে অবরোধের আগে রাজধানীতে অন্তত চারটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে মিরপুর বেড়িবাঁধ এলাকায় তিনটি এবং মিরপুর-১০ নম্বর এলাকায় একটি বাসে আগুন দেওয়া হয়।
ফায়ার সার্ভিস বলছে, রাত ৮টা ২৫ মিনিটে মিরপুর-১ এর বেড়িবাঁধ এলাকায় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুটি বাসে আগুন দেওয়ার সংবাদ পাওয়া যায়। পরে কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়।
অন্যদিকে রাত ৯টা ১৮ মিনিটে মিরপুর–১০ নম্বরে একটি বিআরটিসি বাসে আগুন দেওয়া হয় এবং রাতে ১১টার দিকে বেড়িবাঁধের দ্বীপনগর এলাকায় আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে সকালে ফায়ার সার্ভিস জানিয়েছিল, গত ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বিএনপির ডাকা হরতাল-অবরোধে সারা দেশে ১৫৪টি আগুনের ঘটনা ঘটেছে। এ সময় সবচেয়ে বেশি আগুনের ঘটনা ঘটেছে ঢাকা মহানগরীতে। এসব আগুনের বেশিরভাগই হয়েছে রাতে। গড়ে পোড়ানো হয়েছে পাঁচটি যাত্রীবাহী বাস।
ফায়ার সার্ভিসের পরিসংখ্যানে বলা হয়েছে, ২৮ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত সারা দেশে মোট ১৫৪টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর একটি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর সাতটি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি, ৬ নভেম্বর ১৩টি, ৭ নভেম্বর দুটি, ৮ নভেম্বর নয়টি, ৯ নভেম্বর সাতটি, ১০ নভেম্বর দুটি, ১১ নভেম্বর সাতটি, ১২ নভেম্বর সাতটি ও ১৩ নভেম্বর সাতটি আগুনের ঘটনা ঘটেছে।
এসব আগুনের ঘটনায় পুড়েছে ৯৪টি যাত্রীবাহী বাস, মাইক্রোবাস তিনটি, প্রাইভেটকার দুটি, মোটরসাইকেল আটটি, ট্রাক ১৩টি, কাভার্ডভ্যান আটটি, অ্যাম্বুলেন্স একটি, পিকআপ দুটি, সিএনজিচালিত অটোরিকশা দুটি, নছিমন একটি, লেগুনা একটি, ফায়ার সার্ভিসের পানিবাহী গাড়ি একটি, পুলিশের গাড়ি একটি, বিএনপি অফিস পাঁচটি, আওয়ামী লীগ অফিস একটি, পুলিশ বক্স একটি, কাউন্সিলর অফিস একটি, বিদ্যুৎ অফিস দুটি, বাস কাউন্টার একটি ও দুটি শো-রুম।
পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা সিটিতে ৮২টি, ঢাকা বিভাগে ৩৪টি, চট্টগ্রাম বিভাগে ১৪টি, রাজশাহী বিভাগে নয়টি, বরিশাল বিভাগে ছয়টি, রংপুর বিভাগে ছয়টি, খুলনা বিভাগে দুটি, ময়মনসিংহ বিভাগে একটি আগুনের ঘটনা ঘটে।
গত ২৮ অক্টোবর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা ও সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ ডাকে বিএনপি। সমাবেশ শুরুর আগেই পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় দলটির নেতা–কর্মীরা। এ সময় বিক্ষুব্ধ বিএনপি কর্মীরা কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ও জাজেস কমপ্লেক্সে হামলা চালায়। ভাঙচুর ও অগ্নিসংযোগ করে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালেও।
বিএনপিকর্মীদের সঙ্গে সংঘর্ষে একজন পুলিশ সদস্য নিহত হন। আহত হন শতাধিক। এ সময় সমাবেশের সংবাদ সংগ্রহ করতে যাওয়া বেশ কয়েকজন গণমাধ্যমকর্মীর ওপরও হামলা করা হয়। ভাঙচুর করা হয় গণমাধ্যমের কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল।
ওই দিন সন্ধ্যায় রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। হরতালের মধ্যেও বিভিন্ন স্থানে বিএনপি নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরে ৩১ অক্টোবর থেকে টানা তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে দলটি। তাদের কর্মসূচির সাথে মিল রেখে জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ কর্মসূচি ঘোষণা করে। এরপর থেকে বিভিন্ন মেয়াদে অবরোধ কর্মসূচি ঘোষণা করে আসছে দলটি।
২৮ অক্টোবরের সহিংসতার ঘটনায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। বাহিরে যারা আছেন তারাও প্রকাশ্যে আসছেন না।
২৮ অক্টোবরের পর থেকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়টিও তালাবদ্ধ। হরতাল–অবরোধের কর্মসূচিগুলো আসছে ভার্চুয়াল মাধ্যমে।
আরও পড়ুন:
হরতাল বড় কর্মসূচি না অবরোধ, পার্থক্যই বা কী


বিএনপি–জামায়াতের কাছে প্রশ্ন সাধারণ জনগণ কি দোষ করেছে: তথ্যমন্ত্রী
আমেরিকার চিঠি নিয়ে কাদের বললেন, সংলাপের সুযোগ নেই
‘বিএনপির প্রভু’ আমেরিকার সুর নরম দেখেছে কেন্দ্রীয় ১৪ দল
বিএনপির হরতাল-অবরোধে পুড়েছে ৯৪টি বাস, বাদ যায়নি অ্যাম্বুলেন্সও
আল কায়েদা স্টাইলে হামলা পরিচালনার ঘোষণা দিচ্ছে বিএনপি: তথ্যমন্ত্রী
মার্কিন সরকারের বার্তা নিয়ে জাতীয় পার্টির কাছে পিটার হাস
নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারও নেই: তথ্যমন্ত্রী
