জনবল সংকটে ২০ বছরেও পূর্ণাঙ্গভাবে চালু হয়নি পটুয়াখালীর মির্জাগঞ্জের কাঁঠালতলী ২০ শয্যার হাসপাতাল। এতে প্রায় ৩০ হাজার মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। এছাড়া, অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে অবকাঠামো ও অনেক সরঞ্জাম।
২০০৬ সালে পটুয়াখালীর কাঁঠালতলীতে নির্মাণ হয় ২০ শয্যার হাসপাতাল। বহির্বিভাগে চিকিৎসাসেবা চালু হলেও সরকার পরিবর্তনের পর স্থবির হয়ে পড়ে কার্যক্রম।
হাসপাতালটিতে ১ জন আবাসিক মেডিকেল অফিসার, ৪ জন জুনিয়র কনসালটেন্ট ও ৫ জন মেডিকেল অফিসারের পদ এখনও খালি। ৪১টি পদের বিপরীতে আছেন মাত্র ৩ জন নার্স। ফলে সেবা ব্যাহত।
মেডিকেল অফিসার গাজী এজাজ আহম্মেদ বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর আবারও চালু হয়েছে বহির্বিভাগ। মাত্র একজন মেডিকেল অফিসার, একজন উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও তিনজন নার্স সেবা দিচ্ছেন।’
পটুয়াখালী সিভিল সার্জন ডা. খালেদুর রহমান মিয়া বলেন, ‘হাসপাতাল সংস্কার, জনবল নিয়োগ ও অর্থ বরাদ্দের আবেদন করা হয়েছে।’
এই হাসপাতালে পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি জানিয়েছে স্থানীয়রা।



