চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে দুই ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার বিকালে পরিচালিত মোবাইল কোর্টে মেসার্স এ এস এস ব্রিকসের প্রোপ্রাইটর মো. আকতার হোসেন চৌধুরীকে ৪ লাখ টাকা এবং মেসার্স হারুন ব্রিকসের প্রোপ্রাইটর মো. হারুন শেখকে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করা হয়।
এ সময় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ইটভাটা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহায়তায় পানি দিয়ে ইটভাটার আগুন নেভানো হয় এবং ভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন চাঁদপুর জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমানসহ অন্যান্য কর্মচারীরা।
অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করে চাঁদপুর জেলা পুলিশ ফোর্স ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা। আগুন নির্বাপণে সহায়তা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।


