রাজধানীর ডেমরায় খাল খনন কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় ডগাইর-বামৈল এলাকার প্রধান ও শাখা খাল পরিষ্কার এবং পুনঃখননকাজের উদ্বোধনী অনুষ্ঠানে এ সংঘর্ষ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক আবদুস সালামের সামনেই এ ঘটনা ঘটে।
একপর্যায়ে সংঘর্ষ রূপ নেয় ধাওয়া-পাল্টাধাওয়ায়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান, চেয়ার ছোড়াছুড়ি ও মঞ্চের সামনে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অনুষ্ঠানের বেশির ভাগ চেয়ার ভাঙচুর করা হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ঢাকা দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক নবী উল্লাহ নবী অভিযোগ করেন, বিনা আমন্ত্রণে ডেমরা থানা বিএনপির বিলুপ্ত কমিটির সাবেক নেতা এস এম রেজা চৌধুরী সেলিম ও মো. আনিসুজ্জামান বহিরাগত এবং আওয়ামী লীগ নেতাদের নিয়ে অনুষ্ঠানে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
অন্যদিকে, বিশৃঙ্খলার ঘটনায় ডেমরা থানা বিএনপির সাবেক আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম হাসপাতালে চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ সময় ডিএসসিসির প্রশাসক আবদুস সালাম বলেন, নিজেদের মধ্যে মারামারি করে কোনো সমাধান হবে না; বরং বহিষ্কার আর পাল্টা বহিষ্কারের ঘটনা ঘটবে। শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।


