চলচ্চিত্র রিভিউ

৪০ বছর আগে গভীর জঙ্গলে নূপুর পায়ে নারীর লাশ পুঁতল কারা?

মাত্র ৯ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমা এখনও পর্যন্ত ব্যবসা করেছে ৫০ কোটি রুপিরও বেশি। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের মনও জয় করেছে রেখাচিত্রম। 

আপডেট : ১৮ মার্চ ২০২৫, ০৭:৫২ পিএম

রেখাচিত্রম সিনেমাটির অভিনয়শিল্পীরা। ছবি: সংগৃহীত

বৃষ্টিমুখর এক রাত। ঝরঝর করে ঝরে চলেছে। ছোট্ট বাসার জানালা দিয়ে বাইরে তাকিয়ে ছিল এক ছেলে। হঠাৎ সে দেখল তার বাবাকে। সাথে ছিল আরও ৩ জন। তারা কাঁধে বয়ে নিয়ে যাচ্ছিল চাটাইয়ে মোড়ানো এক লাশ। সেই লাশের পায়ে ছিল সুন্দর এক জোড়া নূপুর!

প্রায় ৪০ বছর আগের এই ঘটনাই বিনা মেঘে বজ্রপাতের মতো বেরিয়ে আসে আজকের দুনিয়ায়। আর তাতেই এক জটিল রহস্য যেন মাটি ফুঁড়ে উঠে আসে। আর কাঁপিয়ে দেয় সবাইকে। পুলিশ পড়ে ধন্ধে। ওদিকে শুরু হয় একের পর এক খুন!

এমন প্রেক্ষাপটেই এগিয়ে যায় ‘রেখাচিত্রম’। ভারতের মালায়লম ফিল্ম ইন্ডাস্ট্রিতে তৈরি এই সিনেমাটি হলে মুক্তি পেয়েছে গত জানুয়ারি মাসে। এরপর থেকেই বক্স অফিসে দাপট দেখিয়ে গেছে। মাত্র ৯ কোটি রুপি বাজেটে তৈরি এই সিনেমা এখনও পর্যন্ত ব্যবসা করেছে ৫০ কোটি রুপিরও বেশি। বক্স অফিসের পাশাপাশি সমালোচকদের মনও জয় করেছে রেখাচিত্রম। সিনেমা হল পার হয়ে সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে। সনি লিভ–এ দেখা যাচ্ছে রেখাচিত্রম। 

সিনেমাটির একটি দৃশ্যে অনস্বরা রাজন (ডানে)। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

গল্প কীভাবে শুরু হয়েছে, তা এতক্ষণে আমাদের জানা হয়ে গেছে। রাতের আঁধারে লাশ সরানোর সেই ঘটনা দিয়ে সিনেমার শুরু। এরপর আবার ৪০ বছর পরের বর্তমানে ফিরে আসা হয়। সেখানে একদিকে দেখা মেলে অনলাইনে জুয়া খেলে বরখাস্ত হওয়া পুলিশ কর্মকর্তা বিবেক গোপীনাথের। অন্যদিকে, রাজেন্দ্রান নামের এক বয়স্ক ও অসুস্থ ব্যক্তির গভীর জঙ্গলে ঢুকে রহস্যজনক আচরণ করতে দেখা যায়। একপর্যায়ে ফেসবুক লাইভে এসে রাজেন্দ্রান জানায় ৪০ বছর আগে এক নারীকে জঙ্গলে পুঁতে রাখার ঘটনা। পুঁতে রাখার জায়গাও দেখিয়ে যায় সে। এবং এর পরপরই ফেসবুক লাইভেই আত্মহত্যা করে রাজেন্দ্রান। এই আত্মহত্যার ঘটনার তদন্তের ভার আবার এসে পড়ে সদ্য কাজে ফেরা বিবেকের ওপর। তদন্তের ক্ষেত্রে তার হাতে সম্বল কেবল একটি কঙ্কাল, আর অনেকগুলো প্রশ্ন। সেসব প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বের হয়ে আসে হৃদয়বিদারক এক কাহিনী।
 
রেখাচিত্রম পরিচালনা করেছেন জোফিন টি. চাকো। এর আগে ২০২১ সালে ‘দ্য প্রিস্ট’ নামের এক সিনেমা বানিয়ে সাড়া ফেলেছিলেন তিনি। এবারের সিনেমাতেও একই অবস্থা। সাধারণ দর্শক থেকে সমালোচক—সবাই রেখাচিত্রম-এর প্রশংসায় পঞ্চমুখ। বিশেষ করে সামাজিক যোগাযোগেরমাধ্যমে ঝড় তুলেছে এ সিনেমা।
 
রেখাচিত্রম সিনেমার একটি দৃশ্য। ছবি: আইএমডিবি থেকে নেওয়া

মিস্ট্রি-থ্রিলার ঘরানার এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আসিফ আলি, অনস্বরা রাজন, মনোজ কে. জায়ানসহ আরও অনেকে। তবে মূল চরিত্র, অর্থাৎ পুলিশ কর্মকর্তা বিবেকের ভূমিকায় ছিলেন আসিফ। সত্যি বলতে, গল্পের কেন্দ্রীয় চরিত্রকে কীভাবে পর্দায় ফুটিয়ে তুলতে হয়, তা শেখার ক্ষেত্রে আসিফ আলি এক অনন্য উদাহরণ। এত স্বতঃস্ফূর্ত অভিনয় দেখাটাও এক অনুপম অভিজ্ঞতা। আর আসিফকে যোগ্য সঙ্গত দিয়েছেন অন্যান্য অভিনয়শিল্পীরা। তবে প্রায় ১৪০ মিনিটের সিনেমাটি এক অর্থে একাই টেনে নিয়ে গেছেন আসিফ। অথচ তাতেও সিনেমার টানটান উত্তেজনায় ভাটা পড়েনি একটুও। 

রেখাচিত্রম-এর সিনেমাটোগ্রাফি দারুণ ছিল। স্বভাবতই মালায়লম চলচ্চিত্রে সবুজের আধিক্য থাকে। এই সিনেমাতেও তার ব্যতিক্রম হয়নি। এর সাথে দারুণ ব্যাকগ্রাউন্ড মিউজিক। ফলে কোথাও বেখাপ্পা লাগেনি একেবারেই। 

একটি দৃশ্যে আসিফ আলি। ছবি: সংগৃহীত

গহীন জঙ্গলে পুঁতে রাখা লাশ, আত্মহত্যা, খুন—এত কিছুর ভিড়ে রেখাচিত্রম আসলে একটা মেয়ের কথা বলে। একেবারে সাধারণ একটা মেয়ে। রূপালী জগতের নায়কের সে অন্ধ ভক্ত। একটা ভিউ কার্ডে অটোগ্রাফ পাওয়ার জন্য সে পাগলপ্রায়। স্বপ্ন দেখে নায়িকা হওয়ার। ওই উঠতি বয়সে যেমনটা হয়। কিন্তু একদম সাদাসিধে (কিছু ক্ষেত্রে অলীক!) স্বপ্নও কখনো কখনো পরিণত হয় দুঃস্বপ্নে। হয়তো স্বপ্নের দুঃস্বপ্ন হয়ে ওঠার পথে পরিণতি ভোগ করা কারও হাতও থাকে না সেভাবে। অন্যের লোভেরই বলি হয়ে যেতে হয় স্রেফ। কিছু বুঝে ওঠার আগেই ভেঙে চুরমার হয়ে যায় সব!

রেখাচিত্রম ঠিক তেমন এক বাস্তবতার সামনেই দর্শকদের দাঁড় করায়। রহস্য-রোমাঞ্চের ভিড়ে, এক ফাঁকে চোখের কোণে জড়ো করে কয়েক ফোঁটা জলও। মনে হয়, ৪০ বছর ধরে গহীন জঙ্গলে মাটির নিচে হারিয়ে থাকা ‘নিখোঁজ’ মেয়েটির চাওয়া কি সত্যিই খুব বেশি ছিল?

রেটিং: ৪.৫৫ / ৫.০০         

পরিচালক: জোফিন টি. চাকো 
চিত্রনাট্য: জন ম্যানথ্রিকাল, রামু সুনীল 
অভিনয়শিল্পী: আসিফ আলি, অনস্বরা রাজন, মনোজ কে. জায়ান প্রমুখ 
ধরন: রহস্য, থ্রিলার, ড্রামা
ভাষা: মালায়লম
মুক্তি: ৭ মার্চ / সনি লিভ

সামাজিকমাধ্যমে টলিউড অভিনেতা বিপ্লব চট্টোপাধ্যায়ের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের একটি অংশ তাঁর ছবি শেয়ার করছেন, যেখানে ক্যাপশনে লেখা ‘প্রয়াত’! আর সেই ছবি দেখে অনেক অনুরাগী শোকবার্তাও দিতে...
অভিনেতা জানান, সোমবার (২৪ আগস্ট) রাতে ঢাকা থেকে ফরিদপুরের বাড়িতে এসে ঘরে কোনো বিদ্যুৎ না পেয়ে তাঁর সন্দেহ হয়। পরে বাড়ির বাইরে গিয়ে দেখতে পান বিদ্যুতের তার কাটা রয়েছে। এরপর ছাদে গিয়ে দেখেন এসির...
বছর পাঁচেক ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এরইমধ্যে সম্প্রতি নতুন করে ভিন্ন এক ক্যানসারে আক্রান্ত হয়েছেন তিনি। এবার তাঁর শরীরে জরায়ু ক্যানসার শনাক্ত...
এবারের গল্পে যুক্ত হয়েছে সম্পূর্ণ নতুন এক মাত্রা। দর্শকদের জন্য সবচেয়ে বড় সারপ্রাইজ হলো বিশেষ অতিথি! ব্যাচেলরদের দৈনন্দিন চরম পাগলামির মাঝে এবার প্রবেশ করছেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রাফসান দ্য...
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যার এক সপ্তাহ পরও চলছে উদ্ধার ও ত্রাণ তৎপরতা। মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২০০ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ ৪ হাজার ৮শর বেশি। রয়টার্স জানিয়েছে এ খবর।
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত ৯টার দিকে আগ্রাবাদের রমনা আবাসিক এলাকার বাসা থেকে মরদেহটি...
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর