সিলেটের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় ফের হামলা হয়েছে বলে অভিযোগ তুলেছেন দলটির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। হামলায় দুজনকে আহত ও গাড়ির গ্লাস ভেঙে দেওয়া হয়ছে। গতকাল শুক্রবার রাতে সিলেটের জৈন্তাপুরে এই হামলার ঘটনা ঘটে।
জৈন্তাপুর থেকে সিলেটে ফিরে গাড়িতে হামলার ঘটনায় নিয়ে কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এই আক্রমণ পারসোনালি নিয়েছেন উল্লেখ করে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘আমার পারসোনাল জায়গা থেকে তারেক রহমানের উদ্দেশে বলব–আপনি মস্ত বড় একটা ভুল করেছেন। এই ভুলের কফ্ফারা আমি এটা পারসোনালি নিলাম, এই কফ্ফারা আপনাকে দিতেই হবে।’
এনসিপির এই নেতা বলেন, ‘আমাকে শেখ হাসিনা একবার জেলে নিয়েছিল। তার কফ্ফারা উনি দিয়েছে, দিল্লিতে আছে। আমি আপনাকে (তারেক রহমান) অনেক আগে সতর্ক করেছিলাম, আপনি সতর্ক হন নাই। এটা আমি পারসোনালি নিলাম। এইটার কফ্ফারা আপনাকে দিতে হবে। আমাদের জীবন যে আপনার শাসনামলে নিরাপদ না, এটা আজকে বাস্তবায়ন হলো। যদি ইটটা হাতে না লেগে মাথায় লাগতো, তাহলে এতক্ষণ আমি জীবিত থাকতাম না। আশা করি রাজপথে দেখা হবে, রাজনৈতিকভাবে মোকাবিলা হবে এবং আজকে আপনার ক্ষমতা পতন শুরু।’
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, ‘যখন আজকে ইশরাক রাজপথ উত্তপ্ত করেছে। রাশেদ দীর্ঘদিন থেকে রাজপথ উত্তপ্ত করেছে। আমি মনে করি ইশরাক যখন আজকে মশাল মিছিলটা করেছে, এরপরেই অ্যাটেম্পট টু মার্ডার হয়েছে আমার ওপর। পলে এই হত্যার জন্য দায়ি ইশরাকও।’
আইনি ব্যবস্থা নেবেন কিনা–এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি যতদিন জীবিত আছি, আমি মরা পর্যন্ত আমি কোনো আইনি ব্যবস্থা নেব না।’
এর আগে শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও জৈন্তাপুরে জুলাই পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি। এতে অংশ নেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সংসদ সদস্য ও নারী শক্তির কেন্দ্রীয় সদস্য সচিব মাহমুদা মিতু। রাতে জৈন্তাপুরে সমাবেশ শেষ করে গাড়িতে করে ফিরছিলেন এনসিপি নেতারা।
নাসীরুদ্দীন পাটোয়ারীর দাবি, সমাবেশ শেষে ফেরার পথে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। তাঁর গাড়িকে লক্ষ্য করে ইট ছুঁড়ে মারা হয় বলে অভিযোগ তাঁর। এতে গাড়ির কাচ ভেঙে যায়। ভাঙা কাচে আহত হোন নাসীরুদ্দীন পাটওয়ারী এবং তার সঙ্গে থাকা আরও একজন। দুজনেরই হাত থেকে রক্তপাত হয়।



