সাংবাদিক দম্পতি সাগর ও রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর পেরিয়ে গেছে। এখনো হয়নি বিচার। আর কত বছর গেলে এ দম্পতি বিচার পাবে– এমন প্রশ্নে সরকারের প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, দ্রুততম সময়ে এ বিচার করবে সরকার।
সম্প্রতি ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের উদ্যোগে প্যারিসে আয়োজিত প্রতিবাদ সভায় অংশ নিয়ে এ কথা বলেন প্রধান উপদেষ্টার উপ–প্রেস সচিব। প্রতিবাদ সভায় টেলিকনফারেন্সে যোগ দেন তিনি।
আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘সরকার দ্রুততম সময়ে এ বিচার করবে। প্রধান উপদেষ্টা গত বছরের ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে স্পষ্ট বলেছেন, সাগর–রুনিসহ সকল অধিকার বঞ্চিতদের ন্যায্য বিচারই হবে সরকারের অগ্রাধিকার।’
ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি ফেরদৌস করীম আখনজির সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুলের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউরো ভিশন নিউজের সম্পাদক মান্নান আজাদ, রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশের সাবেক কোষাধ্যক্ষ কামারুজ্জামান, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু তাহির, প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নয়ন মামুন, প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাসেল আহমদ, এনটিভি ফ্রান্স প্রতিনিধি আবুল কালাম মামুন, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সহ–সম্পাদক মিজানুর রহমান, কোষাধক্ষ্য মাজহারুল ইসলাম, ক্রীড়া সম্পাদক কাওছার আহমদ, মাই টিভি প্রতিনিধি বাদল পাল, সাংবাদিক মামুন মাহিন, আবু জাফর রাজু, সাইফুল ইসলাম রনি, ইয়াসিন আরাফাতসহ সাংবাদিকরা।



