বিদেশি অ্যাপ মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ-এমটিএফই’র প্রতারণা নিয়ন্ত্রণ হতো দুবাই থেকে। বাংলাদেশে এই চক্রের মূল হোতা মাসুদ আল ইসলামসহ ১০ জন এখন দুবাইয়ে। ধরা পড়েনি দেশে থাকা অন্তত ৪০০ সিইও। এদিকে, সামাজিক হেনস্থার শঙ্কায় মামলা না করার কথা জানিয়েছেন এমটিএফই’র ফাঁদে প্রতারিত অনেকেই। ফলে, জানা যাচ্ছে না ভুক্তভোগীর সঠিক সংখ্যা।
রাজধানীর মুগদার আশরাফ উদ্দিন সোহেল। ভারত থেকে আমদানি করা মাংসের ব্যবসা তার। তবে প্রায় এক বছর ধরে ব্যবসা বন্ধ। ব্যবসার সুবাদে পরিচয় অশোক কুমার দাস অনিকের সাথে।
সোহেল জানান, অনিকের প্রস্তাবে এমটিএফইতে দুটি আইডি খোলেন তিনি। অনিকের ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন ৭ লাখ টাকা।
সোহেলকে দেখে এই অ্যাপে বিনিয়োগ করেন ড্রাইভার সাব্বির হোসেন। তিনিও প্রায় দেড় লাখ টাকা দেন অনিককে। সোহেল-সাব্বিরের মতো এমন হাজারো মানুষ টাকা ঢেলেছেন এমটিএফইতে।
এই চক্রের ওপরের দিকে আছেন মোশাররফ, অপু, আলমগীর, লতিফ, নোমানসহ ১০ জন। এমটিএফইর আন্তর্জাতিক সিইও হিসেবে পরিচিত তারা সবাই এখন দুবাইতে।
বাংলাদেশে এরকম সিইও আছেন আরও অন্তত ৪০০। তাদেরই একজন অশোক কুমার দাস অনিক। তার দাবি, “সব টাকা গেছে আলমগীরের অ্যাকাউন্টে”।
“আমার অ্যাকাউন্টে কোনো টাকা দেয়নি কেউ, সব টাকা পাঠানো হয়েছে আলমগীরের অ্যাকাউন্টে, এ জন্য একটি মামলা করা হয়েছে। আমি এর সঙ্গে জড়িত নই”- বলেন এমটিএফই সিইও অশোক কুমার দাশ অনিক।
তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ডিজিটাল প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক হতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকেও আরও বেশি তৎপর হতে হবে।
“ডিজিটাল এ প্রতারণা নতুন নয়, সবাইকে সতর্ক হতে, কোন লোভ পড়ে ফাঁদে পা দেওয়া যাবে না”- বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি.এম মইনুল হোসেন।
এদিকে এমটিএফইতে প্রতারিত একজন ২৮ আগস্ট মামলা করেছেন রাজধানীর খিলগাঁও থানায়। সিআইডি তদন্ত করলেও এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চায়নি।


