দ্বাদশ সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব -কুলিয়ারচর) আসনে নৌকা প্রতীক নিয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন নাজমুল হাসান পাপন। ১ লাখ ৯৮ হাজার ১৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন তিনি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. রুবেল হোসেন মোমবাতি প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ২০৬ ভোট।
মেঘনা পাড়ের দুই উপজেলা ভৈরব ও কুলিয়ারচর নিয়ে কিশোরগঞ্জ-৬ আসন। এ আসনের ভৈরব নদীবন্দর হওয়ায় বাণিজ্য নগরী হিসেবে খ্যাত।
২০০৯ সালে এই আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য জিল্লুর রহমান রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় উপনির্বাচনে তাঁর ছেলে নাজমুল হাসান পাপন নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর থেকে অদ্যাবধি এ আসনটি আওয়ামী লীগের দখলেই রইল।
টানা চারবার নাজমুল হাসান পাপন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার দুই উপজেলা ভৈরব এবং কুলিয়ারচরের আওয়ামী লীগের নেতা-কর্মীদের মাঝে আনন্দের বন্যা বইছে।
জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জিল্লুর রহমান বলেন, এ আসনটিতে আওয়ামী লীগ সৃষ্টির পর থেকে সেখানে আমাদের নেতা ছিলেন, আমাদের প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব। বার বার নির্বাচিত হয়েছেন। রাষ্ট্রপতি হওয়ার পর ওনার ছেলে এখানে নির্বাচিত হন। দ্বাদশ সংসদ নির্বাচনেও জয়লাভ করেছেন নাজমুল হাসান পাপন। এখানে আওয়ামী লীগের ভীত অত্যন্ত শক্তিশালী। নারী নেত্রী শহীদ আইভি রহমান ছিলেন নাজমুল হাসান পাপনের মা।
ভৈরব এবং কুলিয়ারচর উপজেলা নিয়ে গঠিত কিশোরগঞ্জ-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯৯ হাজার ২ শত ৪২ জন।


