ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনীত ‘তান্ডব’। ইতিমধ্যেই সিনেপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে নির্মাতা রায়হান রাফী পরিচালিত এই সিনেমা। তান্ডব’র মুক্তি উপলক্ষে বৃহস্পতিবার (৬ জুন) ঢাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন হয়।
এ সময় উপস্থিত ছিলেন শাকিব খান, জয়া আহসান, সাবিলা নূর, রায়হান রাফী, শাহরিয়ার শাকিলসহ পুরো টিম।
সংবাদ সম্মেলনে তান্ডব-এ যুক্ত হওয়া প্রসঙ্গে শাকিব খান জানান, রাফীর কাছ থেকে মাত্র এক লাইন গল্প শুনেই সিনেমাটি করতে রাজি হন তিনি। নায়ক বললেন, ‘আমি যখন রাফীর সঙ্গে তান্ডব করতে রাজি হই, তখন শুধু এক লাইনের গল্প শুনেছিলাম। এরপর শুটিং সেটে গিয়ে রাফীকে জিজ্ঞেস করতাম—সিন, ডায়লগ কী? ও যেটা বলত, আমি সেটাই বলতাম। এতটাই বিশ্বাস ছিল তার ওপর।’
তান্ডব রাফীর ক্যারিয়ারে সেরা সিনেমা হতে যাচ্ছে, এমনটা উল্লেখ করে শাকিব বলেন, ‘তান্ডব একটা অসম্ভব পরিশ্রমের সিনেমা। আমি যখন ডাবিং করছিলাম, তখনই বুঝেছিলাম—রাফী কী দারুণ কাজ করেছে! আমি বলেছিলাম, রাফী, এটা তোমার সেরা সিনেমা।’
তিনি আরও বলেন, ‘‘এই সিনেমায় এত বড় বড় শিল্পীরা কাজ করেছেন, আমি নিজের জায়গা নিয়ে ভাবনায় পড়ে গিয়েছিলাম। পাশে বসে আছেন জয়া আহসান, তার তুলনা তিনি নিজেই। অসাধারণ অভিনয় করেছেন। আর সাবিলা নূর ‘লিচুর বাগান’ দিয়ে এরইমধ্যে দর্শকদের মাত করে দিয়েছেন।’’
প্রসঙ্গত, তান্ডব-এ শাকিবের নায়িকা হিসেবে রয়েছেন সাবিলা নূর। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। এ ছাড়াও অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকি, এফএস নাঈম প্রমুখ। শোনা যাচ্ছে, ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু না জানাননি নির্মাতা রাফী, চমকটা পর্দাতেই রাখতে চান তিনি।


‘হাউজফুল ৫’ নির্মাতাকে যে পরামর্শ দেন শাহরুখ
