জুলাইকে অবহেলা, অবজ্ঞা করে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগ উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (রাওয়া) আয়োজিত ‘ফিরে দেখা জুলাই-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা বলেন, ‘জুলাই- এর চেতনা মানে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করা ও সুশাসন প্রতিষ্টা করা। জুলাইয়ের চেতনা কেউ রাজনৈতিক উদ্দেশ্যে যাতে ব্যবহার না করতে পারে সেই দিকেও সতর্ক থাকতে হবে। সরকার জুলাইকে ধারণ করে রাষ্ট্র বিনির্মাণ করবে।’
তিসি আরও বলেন, ‘জুলাইয়ের শিক্ষা হচ্ছে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলা। জুলাইয়ের স্তম্ভ হল– বৈষম্যের অবসান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, জাতীয় সংহতি ও পুনর্মিলন।’
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা আরও বলেন, ‘আমরা বিজয়ীর বেশে থাকবো। আমরা বিজয়ী জাতি। আমরা কোনো আধিপত্যবাদী শক্তির কাছে মাথা নত করবো না। যারা গুম ও খুনের সঙ্গে জড়িত ছিলেন তাদের কোনভাবে প্রমোশন দেওয়া হবে না। মেজর সিনহা হত্যার রায় দ্রুত কার্যকর করা হবে।’



