মোদি-কমিশন কি শেষ রক্ষা করতে পারবে

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৯:১৬ পিএম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কি তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারবেন? এই মুহূর্তে এটা লাখ না, কোটি টাকার প্রশ্ন। আজ ২০ মে ভারতের ছটি রাজ্য ও দুটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৪৯টি আসনে ভোটগ্রহণ হবে। আর বাকি থাকবে ১০ দিন ও দুটি পর্ব। ৪ জুন ফল ঘোষণা। 

কিন্তু এই ভোট ভোট খেলার যে রেফারি সেই নির্বাচন কমিশন বা ইসি নিয়ে সবার মধ্যে সন্দেহ তৈরি হয়েছে ও হচ্ছে। এর কারণও তারা। গোটা ভোট প্রক্রিয়া নিয়ে একটি সন্দেহ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। সে আলোচনায় আমরা পরে আসব। তবে এটি নিশ্চিতভাবে বলা যায়, মোদি সরকার যেভাবে বিরোধীদের দমনে, দলনে ও দলত্যাগের জন্য সিবিআই, ইডি, আয়কর বিভাগ, এনআইএ-সহ রাষ্ট্রের একাধিক যন্ত্র ব্যবহার করেছে, তাতে ইসি নিয়ে সন্দেহ গভীর হয়েছে। সেই সন্দেহে ঘৃতাহুতি দিয়েছে নির্বাচন কমিশন আইন পরিবর্তন করে, যেখানে সরকারকে ইচ্ছামতো কমিশনার নিয়োগ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। একইসঙ্গে নিয়োগ প্রক্রিয়া থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সরিয়ে দেওয়া হয়েছে। তিনজনের কমিশনের দুজনই এই নতুন আইনে নিয়োগ দেওয়া। সেজন্য বিরোধীদের অনেকেই একে মোদি-কমিশন বলে আখ্যায়িত করেছেন। 

যার কেউ নেই তাঁর জন্য ঈশ্বর আছেন- ধর্মবিশ্বাসী সব মানুষই কম বেশি এ কথা শুনেছেন এবং তা বিশ্বাসও করেন। তবে কি ২০২৪-এর নির্বাচনে বিজেপির বড় ভরসার জায়গা হয়ে উঠেছে নির্বাচন কমিশন। দেশে দেশে এমন নজির কম নেই। ৯৭ কোটি ভোটারের সংখ্যাটা সামান্য এদিক-ওদিক করে দিলেই মসনদের দিক সেই দল/ জোটের দিকে চলে যাবে। ভারতের অশোকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সব্যসাচী দাস গত বছর জুলাইতে এক গবেষণাপত্রে এটা প্রমাণ করে দিয়েছেন। ‘ডেমোক্র্যাটিক ব্যাকস্লাইডিং ইন দ্য ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি’ শিরোনামে ওই গবেষণাপত্রটি প্রকাশের পর চাকরিও খোয়ান তিনি। পুলওয়ামা-বালাকোট-পাকিস্তান-হিন্দু জাতীয়তাবাদী ঝড়-কে ২০১৯-এ মোদির জয়ের জন্য কৃতিত্ব দিয়ে থাকেন অনেকে। এর উল্টো পথে হেঁটে ভোটকেন্দ্র ধরে ধরে ইসির দেওয়া হিসাব ধরে সব্যসাচী দেখিয়েছেন কীভাবে মুসলমান ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে, তাদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। আর এসব কাজ সব আসনে করা হয়নি, হয়েছে সেইসব কেন্দ্রে যেখানে দুই দল বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা ছিল। এ কারণে প্রায় ৪০টি আসনে বিজেপি জিতেছে খুব কম ভোটের ব্যবধানে। ২০১৯-এর লোকসভায় এই ৪০টি আসন বাদ দিলে বিজেপির আসন সংখ্যা দাঁড়ায় ২৬৩, যা একক সংখ্যাগরিষ্ঠতার (২৭৩) চেয়ে কম। অন্যদিকে কংগ্রেসের আসন দাঁড়াত ৮৪। তাহলে ক্ষমতার ভারসাম্য কীভাবে বদলে যেত আপনিই বলুন। হিন্দু হৃদয়পুরুষ হিসেবে মোদিকে নিয়ে গত ৫ বছরে যে রূপকল্প তৈরি করা হয়েছে তা-ও সম্ভব হতো না। এবারেও সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। 

ভারতের নির্বাচন কমিশন নিয়ে একটা হ্যাশট্যাগ সোশ্যাল মিডিয়া বা সমাজ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। শুধু বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের নেতারা নন, সুশীল সমাজসহ সমাজের বিভিন্ন স্তর থেকে এই কথা উঠে আসছে। কথা না বলে দাবি বলাই ভালো। হ্যাশট্যাগের এই দাবি হচ্ছে- গ্রো অ্যা স্পাইন অর রিজাইন অর্থাৎ মেরুদণ্ড শক্ত কর অথবা পদত্যাগ কর। ভারতের নির্বাচন কমিশনের ওপর সে দেশের মানুষের যে আস্থা ছিল সেখান থেকে এটা বিরাট পরিবর্তন। ২০০৪ সালেও (বাজপেয়ি সরকারের সময়) ৮০ ভাগ মানুষের আস্থা ছিল ইসির ওপর, এখন এই সংখ্যা ২৮-এ নেমে এসেছে। মেরুদণ্ড শক্ত করার দাবি তো এমনি এমনি ওঠে না। 

রাজীব কুমার নামের সাবেক আমলার নেতৃত্বাধীন ইসির গত চার পর্বের ভোট নিয়ে মোটা দাগে কয়েকটা উদাহরণ দেওয়া যাক।

এক. ৩৯ আসনের তামিলনাড়ুতে ভোট হয়েছে এক দিনে। অন্যদিকে ৪০ আসনের বিহার বা ৪২ আসনের পশ্চিমবঙ্গে ভোট নেওয়া হচ্ছে সাত পর্বে; অর্থাৎ, সাত দিনে। অথচ এই দুই রাজ্যে দেখুন কোনো ধরনের গোলমাল ছাড়াই ভোট হয়েছে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে রেকর্ডসংখ্যক ভোট পড়েছে। এই দুই রাজ্য বিজেপির কাছে গুরুত্বপূর্ণ। কারণ, বিহারে ৩৯ আসন ধরে রাখা এবং পশ্চিমবঙ্গে ১৮ থেকে যতটা সম্ভব নিজেদের আসন বাড়ানো তাদের লক্ষ্য। ফলে গোটা নির্বাচনের সময়সূচির দিকে তাকিয়ে বিজেপি-বিরোধীরা যখন বলেন, বিশেষ একজনের (পড়ুন মোদি) এটা সাজানো হয়েছে, তখন তা অনেকটাই মান্যতা পায়। 

দুই. নির্বাচনী প্রচারে সাম্প্রদায়িকতার বিষ ঢেলে দেওয়ার পরও নরেন্দ্র মোদি বা বিজেপির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি ইসি। মুসলমানদের ব্যাপারে নানা ধরনের মানহানিকর বক্তব্য দেওয়ার জন্য মোদিকে চিঠি পাঠানোর সাহস দেখাতে পারেনি তারা। মোদির অভিযোগের চিঠি দিয়েছে বিজেপির সভাপতি জেপি নড্ডাকে। ভারসাম্য রাখতে রাহুলের বক্তব্য নিয়ে কংগ্রেসের সভাপতিকে চিঠি দিয়েছে। শাসক দলের বিরুদ্ধে কোনো অভিযোগ করলেই, খতিয়ে দেখা হচ্ছে বলে দায় সারছে কমিশন। বিজেপির কর্ণাটক শাখা মুসলমান-বিরোধী ভিডিও এক্স বা টুইটারে প্রকাশের পরও ইসি দায়হীন। এই দায়হীনতা থেকে ভক্তি রসের উদ্রেক হয়। সে কারণে বিজেপিকে কিছু না বলে এক্স-কে ভিডিওটি সরিয়ে ফেলতে বলে। এতে সাপও মরল, লাঠিও ভাঙল না। এইভাবে বিতর্ক তৈরি হলেও ভ্রুক্ষেপ নেই রাজীব কুমার ও তাঁর দুই সহযোগীর।

তিন. বিভিন্ন পর্বে ভোটগ্রহণ শেষে কোনো সংবাদ সম্মেলন করে না নির্বাচন কমিশন। এ ব্যাপারে তারা নরেন্দ্র মোদির অনুগামী। দিল্লিতে জাতীয় প্রেস ক্লাব এজন্য ইসিকে অনুরোধ করে চিঠি দিয়েছে। কিন্তু কে শোনো কার কথা। প্রথম পর্বের ভোটের পর জানা গেল ৫৯ শতাংশ ভোট পড়েছে। ১১ দিন পরে ইসির হিসাবে তা হয়ে গেল প্রায় ৬৭ শতাংশ। একই ঘটনা ঘটেছে দ্বিতীয় পর্বেও। তৃতীয় বা চতুর্থ পর্ব নিয়ে কোনো কথাই বলেনি তারা। 

সবচেয়ে বড় বিষয়, ভোট শেষে শুধু শতকরা হিসাব বলা হচ্ছে। অথচ ২০১৯-এ ভোটের দুদিনের মধ্যে ভোটকেন্দ্র ধরে ভোট পড়ার হিসাব দেওয়া হয়েছিল। সেখানে নারী-পুরুষের বিভাজনও থাকত। হিসাব আসতে দেরি হচ্ছে এই অজুহাত দেখিয়ে রাজীব কুমার কমিশন লুকোছাপার আশ্রয় নিয়েছে। এতে নরেন্দ্র মোদি, বিজেপি বা রাজীবের সাথীদের লক্ষ্য পূরণ হলেও ভারতের নির্বাচনী ব্যবস্থার ওপর তা স্থায়ী প্রশ্ন চিহ্ন রেখে যাবে। এমনকি ভোটে যদি কোনো অসততা নাও হয়ে থাকে, তবুও। 

লেখক: নির্বাহী সম্পাদক, ডিজিটাল বিভাগ, ইনডিপেনডেন্ট টেলিভিশন

আরও পড়ুন:

বাংলাদেশের পররাষ্ট্রনীতি দীর্ঘদিন ধরেই একটি মৌলিক নীতির ওপর দাঁড়িয়ে আছে। আর তা হলো ‘সব দেশের সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়।‘ কিন্তু বৈশ্বিক ভূরাজনীতির পরিবর্তন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শক্তির...
আমি বলছি না যে সাক্ষাৎকার নেওয়া সাংবাদিক বা সংবাদমাধ্যমগুলো ঘুষ খেয়েছে। কিন্তু যে জনসংযোগ–লবিং প্রতিষ্ঠান এত নিখুঁতভাবে এই প্রচার অভিযান সাজিয়েছে, বর্ণনা নিয়ন্ত্রণ করেছে, তারা নিশ্চয়ই মোটা...
ভারতের সঙ্গে ৫৪টি আন্তঃসীমান্ত নদী ভাগাভাগি এ অঞ্চলের শান্তিপূর্ণ সহাবস্থান ও ন্যায্য পানি–অধিকারের প্রশ্নকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। কিন্তু দীর্ঘদিনের রাজনৈতিক টানাপড়েন, ক্ষমতার অসমতা এবং...
চারটি প্রশ্নের গুচ্ছ আসলে এক প্লেটে রাখা চার রকমের ফলের মতো: হয় সবই নেবেন, নয়তো কোনোটিই নয়। তবে প্রতিটি ফল আলাদা— কোনোটি মিষ্টি, কোনোটি টক, আবার কোনোটি না মিষ্টি না টক। এটি এক মিশ্র প্লেট— মিষ্টি,...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর