আজ রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় ঘটে গেছে এক ভয়াবহ দুর্ঘটনা। বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ করেই বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রঙ্গনে। দুপুর ১টা ১৮ মিনিট। ক্লাস শেষ করে যখন কোমলমতি শিক্ষার্থীরা ঘরে ফেরার প্রস্তুতি নিচ্ছিল, তখনই এ দুর্ঘটনা ঘটে। বিকেল ৫টায় বাংলাদেশ ফায়ার সার্ভিসের তথ্যমতে, প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ জন। বহু হতাহত ভর্তি হয়েছেন বিভিন্ন হাসপাতালে।
এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা দেশজুড়ে। দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশের শোবিজ তারকারা।
চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন এবং পরিবারগুলোকে এই কঠিন সময় পার করার শক্তি দেন।’
চিত্রনায়িকা বুবলী লিখেছেন, ‘আল্লাহ আপনি সহায় হোন, এই নিষ্পাপ বাচ্চাগুলোকে রক্ষা করুন, সকল মা-বাবাকে ধৈর্য দান করুন।’
অপু বিশ্বাস নিজের আবেগ ধরে রাখতে পারেননি। লিখেছেন, ‘স্কুল ছুটির সময় দিয়াবাড়ির মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে একটি ভবনের ওপর ভেঙে পড়ে বিমানটি। যেখানে ছোট ছোট শিশুদের ক্লাস চলত। অনেকেই পুড়ে গেছে, আহত হয়েছে। এই সন্তানরাই আমাদের ভবিষ্যৎ। এখন আমাদের দায়িত্ব—তাদের পাশে দাঁড়ানো।’
এরপর তিনি কিছু হাসপাতালের নাম উল্লেখ করে রক্তদানের অনুরোধও জানান তার অনুসারীদের।
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী সংক্ষিপ্ত লিখেছেন, ‘উত্তরার দিয়াবাড়িতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অত্যন্ত মর্মাহত। সকলের জন্য প্রার্থনা করছি!’
অভিনেত্রী তাসনিয়া ফারিণ লিখেছেন, ‘মাইলস্টোনের জন্য প্রার্থনা।’
নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন ফেসবুকে লিখেছেন, ‘একটি যুদ্ধবিমান ভেঙে পড়েছে দিয়াবাড়িতে। কোমলমতি শিশুদের নিরাপত্তা যেন সুরক্ষিত থাকে, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করছি। কোনো মায়ের বুক যেন খালি না হয়।’
অভিনেতা ইরফান সাজ্জাদ লিখেছেন, ‘ভালো লাগছে না কিছু। চোখের সামনে কত বাচ্চার ঝলসানো শরীর দেখলাম... আল্লাহ কী দোষ বাচ্চাগুলোর? আহা রে..., ওরা তাদের স্কুলে ক্লাস করছিল! মা-বাবাগুলোর বুক খালি করে দিয়েন না আল্লাহ!’
অভিনেত্রী পূজা চেরী আহত এক শিশুর আইডি কার্ড শেয়ার করে জরুরি বার্তা দিয়েছেন।
অভিনেতা জিয়াউল হক পালাশ সবার কাছে আবেদন রেখে বলেছেন, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের জন্য প্রার্থনা করুন।’


চলে গেলেন ‘ডন’ স্রষ্টা বারোট
