দেশে এয়ারকন্ডিশনার ও ফ্রিজ উৎপাদনের শুল্ক রেয়াতি সুবিধা এক বছরের জন্য বৃদ্ধি করা হলেও মূসক (ভ্যাট) বৃদ্ধির প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। ফলে পণ্য দুটির দামই কিছুটা বাড়বে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি সংসদে জানান, রাজস্ব আদায় বৃদ্ধির পাশাপাশি দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থেই এ প্রস্তাব আনা হয়েছে।
অর্থমন্ত্রী নিজের বাজেট বক্তৃতায় বলেন, ‘এয়ারকন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান শূন্য শতাংশের পরিবর্তে ৭ দশমিক ৫ শতাংশ মূসক আরোপসহ রেয়াতি সুবিধার মেয়াদ ১ বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। এবং রেফ্রিজারেটর ও ফ্রিজার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান ৫ শতাংশের পরিবর্তে ৭স দশমিক ৫ শতাংশ মূসক আরোপসহ রেয়াতি সুবিধার মেয়াদ ১ বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি।’
দেশে উৎপাদিত মোবাইল ফোনসেটের ক্ষেত্রেও আরও এক বছরের জন্য শুল্ক রেয়াত প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তিনি বক্তৃতায় বলেন, ‘দেশী-বিদেশী বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি, আমদানি বিকল্প পণ্য উৎপাদন এবং দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বাজায় রাখার স্বার্থে মোবাইল টেলিফোন সেট বা সেলুলার ফোন, পলিপ্রোপাইলিন স্ট্যাপল ফাইবার, এলপিজি সিলিন্ডার ও এলএবিএসএ এবং এসএলইএস উৎপাদনের ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা ১ বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি এবং অপটিক্যাল ফাইবার ক্যাবল এর ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা ৩ বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি।’
অর্থমন্ত্রী আরও বলেন, ‘তথ্য-প্রযুক্তি ও কম্পিউটার শিল্পের বিকাশের লক্ষ্যে প্রদত্ত রেয়াতী সুবিধা সংক্রান্ত প্রজ্ঞাপনে, উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর হইতে অব্যাহতি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তি করণের প্রস্তাব করছি।’
এর আগে বিকেল বেলা ৩টার জাতীয় সংসদ অধিবেশনে স্পিকার শিরীন শারমিনের অনুমতি নিয়ে মন্ত্রী তাঁর বক্তব্য শুরু করেন।
বাজেট অধিবেশন শুরুর আগে, বিশেষ মন্ত্রিসভার বৈঠকে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপনের অনুমতি দেওয়া হয়। দুপুরে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।



